Published : 06 Aug 2026, 09:44 PM
সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ বলে পোস্ট দেওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাবির এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী শারাফাত শারিক রোহান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৫৪তম ব্যাচ) শিক্ষার্থী এবং শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী।
বুধবার দুপুরে ফজলুল হক হল থেকে রোহানকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করা, অভিযোগের বিষয়ে তথ্য উদঘাটন এবং সার্বিক বিষয় তদন্ত করে সুস্পষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল হালিমকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবদুছ ছাত্তার এবং সদস্যসচিব হিসেবে আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্ট মো. রেজাউল আলম।
আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন-
আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ মন্তব্য করে জাবি শিক্ষার্থী রোহান কারাগারে