২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে ভাই-বোন নিহত, শিশুসহ আহত ৩

বাসটিকে আটকানো গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বাগেরহাটে বাস-ইজিবাইক সংঘর্ষে ভাই-বোন নিহত, শিশুসহ আহত ৩
ইজিবাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ভাই-বোন মারা যান।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 06:05 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমূখি সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছেন। এসময় দুই মাস বয়সি শিশুসহ আরও তিনজন আহত হন। 

শনিবার বিকালে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান জানান।

নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার ডোনা গ্রামের কালাম মোল্লার ছেলে মজনু মোল্লা (৫০) ও মেয়ে সুমি আক্তার (৩০)। 

এ ঘটনায় সিয়াম খাঁ ও ঝুমুর বেগম নামে দুজন ও সুমি আক্তারের দুই মাস বয়সি শিশু নুশরাত আহত হয়।

তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয়দের বরাতে ওসি রাকিবুল হাসান বলেন, শনিবার বিকালে শরণখোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস মোরেলগঞ্জ উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুই ভাই-বোন মারা যান। 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

সেখানে তাদের অবস্থার অবনতি হলে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ জানায়, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।