২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ধানের খলায় গরু, সংঘর্ষে আহত ২০

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 10:00 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান শুকানোর মাঠে (খলা) গরু ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মো. জাহিদুল হক।

আহতদের মধ্যে মো. মনা মিয়া (৫০), মো. কাশু মিয়া (৪০), মো. আশুব আলী (৫০), আক্কাছ আলী (৫০), মো. হানিফা (৩০) ও সরাজ মিয়াকে (৬০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন- ওই গ্রামের মো. কদ্দুছ মিয়া (৪৫), সামির আলী (৫৫) ও মহারাজ (৬৫)।

পুলিশ জানায়, দুপুরে স্বজন গ্রামে মো. কুদ্দুছ মিয়ার একটি গরু মো. জাকির মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে গেলে সেখানে কাদা হয়ে যায়। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি জাহিদুল হক বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।