সিরাজগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরোহী এক নারী।
মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতি পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।
নিহত আকবর হোসাইন (৪০) ঢাকার মনিপুর মহল্লার জয়নাল আবেদিনের ছেলে। তবে সঙ্গে থাকা নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি ইসমাইল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিনি বলেন, ঢাকামুখী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। এ ছাড়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক নারী গুরুতর আহত হন।
আহত নারীকে উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইসমাইল।
হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
