রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা সংবাদমাধ্যমের দায়িত্ব: তথ্যমন্ত্রী
বগুড়ায় সাংবাদিকদের আর্থিক সহায়তা ও তাদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা সংবাদমাধ্যমের দায়িত্ব বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেছেন, “রাষ্ট্রের মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থাকে। রাষ্ট্রের কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গত ১৭ বছর বগুড়াকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করা হয়েছে জানিয়ে স্বপন বলেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেস ক্লাব পূর্ণাঙ্গভাবে নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তথ্যমন্ত্রী।
বর্তমান সরকারের উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি।
“কিন্তু প্রধানমন্ত্রী এর মধ্যে জনগণের কল্যাণে কাজ শুরু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।”
“সংসদ সদস্যরা কেউ গাড়ি বা প্লট নেবেন না। সরকারের যাত্রার শুরুতেই নেওয়া উদ্যোগগুলোতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনার আভাস পাওয়া যাচ্ছে”, বলে যোগ করেন মন্ত্রী।
সাংবাদিকদের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা কোনও দয়া বা অনুদান নয় বরং সংবাদমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা বলে মনে করেন তথ্যমন্ত্রী স্বপন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেন।
এ ছাড়া বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া জেলা সভাপতি গণেশ দাস বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া জেলা সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
সিরাজগঞ্জ ছাড়া রাজশাহী বিভাগের বাকি সাত জেলার ৫১ সাংবাদিককে ৫০ হাজার এবং ৪৬ মেধাবী শিক্ষার্থীর মধ্যে দশম শ্রেণি পড়ুয়াদের ১২ হাজার, উচ্চ মাধ্যমিকে ১৮ হাজার, স্নাতকে ২৪ হাজার এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
