২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনে কাটা পড়ে ২২ ভেড়ার মৃত্যু

বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের জন্য ভেড়াগুলো ব্যবহৃত হচ্ছিল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 09:52 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রেললাইনে কাটা পড়ে ২২টি ভেড়ার মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক এ কে এম আনিসুর রহমান জানান।

তিনি বলেন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারির তত্ত্বাবধানে পরিচালিত একটি গবেষণা ও প্রজনন প্রকল্পের জন্য ভেড়াগুলো ব্যবহৃত হচ্ছিল। মাঠে চারণের সময় রেললাইনের পাশে চলে যায়। ঠিক সে সময় একটি ট্রেন চলে আসলে ভেড়াগুলো কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে একজন কর্মী ভেড়াগুলোকে রেললাইনের পাশে ঘাস খাওয়াচ্ছিলেন। হঠাৎ করেই সেগুলো রেললাইনে উঠে পড়ে। তখন ট্রেনও চলে আসে। ভেড়াগুলো মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছে। 

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। গরু, ছাগল এবং ভেড়া চরানোর সময় আরও সতর্ক হতে হবে।