নীলফামারীতে রাস্তা পার হতে গিয়ে রিকশাভ্যান চাপায় শিশুর মৃত্যু
নিহতের বাবা জানান, একটি দোকান থেকে বিস্কুট কিনে হাতে দিয়ে ছেলেকে তিনি বাড়ির পথে পাঠান।
নীলফামারীর ডিমলা উপজেলায় রাস্তা পার হতে গিয়ে রিকশাভ্যান চাপায় শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া খালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ডিমলা থানার পরিদর্শক দেবাশীষ রায় জানান।
আড়াই বছর বয়সি নিহত আব্দুল্লাহ ওই এলাকার আরেক রিকশাভ্যান চালক মো. হোসেন আলীর ছেলে।
হোসেন আলীর বরাত দিয়ে ডিমলা থানার পরিদর্শক দেবাশীষ রায় বলেন, শিশু আব্দুল্লাহ তার বাবার সঙ্গে দোকানে এসে বিস্কুট নিয়ে বাড়ি ফেরার জন্য রাস্তা পার হচ্ছিল। এসময় একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। চালক ভ্যানটি নিয়ে পালিয়ে যান।
দেবাশীষ রায় আরও বলেন, “এ ঘটনায় নিহতের বাবা হোসেন আলী বাদী হয়ে অজ্ঞাত রিকশাভ্যান চালকের নামে মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।”
