Published : 03 Jun 2026, 05:49 PM
যশোরের বেনাপোল সীমান্তে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় গাড়ির একটি কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোলের সাদিপুর এলাকায় সীমান্ত পরিদর্শন শেষে পুলিশি নিরাপত্তায় ফিরে আসার সময় পেছন থেকে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, “আজকের হামলাটি আমাকে হত্যাচেষ্টার অংশ বলে মনে করি। আমি আমার নিজের নিরাপত্তা বিধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা একটা হত্যাচেষ্টা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার নিরাপত্তার জন্য।”
কারা হামলা চালিয়েছে- জানতে চাইলে এনসিপি নেতা বলেন, “পেছন থেকে হামলা করা হয়েছে, তো বলতে পারছি না এখনও, তাদের পরিচয় কী, তারা কারা? আমাদের চারজন নেতা আহত হয়েছেন।”
এ সময় তিনি জানান, এরই মধ্যে নিরাপদ অবস্থানে রয়েছেন এবং ঢাকার দিকে রওনা হয়েছেন।
তবে হামলার বিষয় নিয়ে বেনাপোল থানা পুলিশ ও শার্শা উপজেলা প্রশাসন কারও বক্তব্য জানা যায়নি। তাদের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।
দুপুরের দিকে কড়া নিরাপত্তার মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী যখন সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন তখন তার সঙ্গে যশোর জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন।
সোমবার রাতে ১০ নারী-পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবি সেটা প্রতিহত করে। এরপর থেকে ওই ১০ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
তিনি বলেন, “রাতের গভীরে বিএসএফ সন্ত্রাসীরা ভারতীয় বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালাচ্ছে। আমরা কোনোভাবেই পুশইন মেনে নেব না। সরকারকেই এটা প্রতিহত করতে হবে। আগে থেকে সরকার যদি বিএসএফের বিরুদ্ধে ব্যবস্থা নিত তাহলে ভারত সরকার আজ এটা করতে সাহস পেত না।”
“স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল পুশইন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সেই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে। বিএসএফ যাতে পুশইন করতে না পারে সরকারকেই তার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে সরকারের যে পররাষ্ট্র নীতি আছে সেটা একটা ভঙ্গুর নীতি। এটা বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্তবাসীর উদ্দেশে বলেন, “কেউ আঁধারে পুশইন করার চেষ্টা করলে আপনারা বিজিবিকে সহযোগিতা করবেন। নিজেরা রাত জেগে পাহারা দেবেন যাতে বিএসএফ কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশইন করতে না পারে।”