দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাতে আরিফ ও তুহিন মোটরসাইকেলে মান্নান নগর থেকে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন।
নোয়াখালীর সদর উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী শিক্ষানবিশ এক চিকিৎসা সহকারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের ডাক্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুধারাম থানার এসআই আব্দুজ জাহের।
নিহত আরিফ হোসেন (২৪) সদর উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের গুনবলির বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী ছিলেন।
এ সময় প্রাহিমুল হক তুহিন (২৪) নামে মোটরসাইকেল আরোহী আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আব্দুজ জাহের বলেন, রাতে আরিফ ও তুহিন মোটরসাইকেলে মান্নান নগর থেকে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে ডাক্তার বাজার এলাকায় মালামাল নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।
এ সময় আরিফ ও তুহিন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
আহত তুহিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
