০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কেরাণীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একটি প্রাইভেটকার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 10:32 PM

Updated : 06 Oct 2026, 10:32 PM

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানিয়েছেন।

নিহত ইয়াকুব (৩৮) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গুলগুলিয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের ভাই ইউসুফ বলেন, তার ভাই জমিসংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিকালে কেরাণীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় একটি জমি দেখার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পথে একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে ইনচার্জ হাবিবুর রহমান জানিয়েছেন।