২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় দুর্গোৎসব: তিন বছর আগের স্মৃতি মুছে যাবে সম্প্রীতির বার্তায়

“এবারের আয়োজনটা আরও বর্ণাঢ্য। আমরা আশাবাদী শেষদিন পর্যন্ত সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা সম্প্রীতির বন্ধনে এভাবে মেতে থাকব।”

কুমিল্লায় দুর্গোৎসব: তিন বছর আগের স্মৃতি মুছে যাবে সম্প্রীতির বার্তায়
কুমিল্লা নগরের নানুয়ার দিঘির পাড়ের দুর্গাপূজা মণ্ডপ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 11:27 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

কুমিল্লা জেলায় মুসলমানদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন আড়াই শ’ বছরের বেশি পুরোনো। দীর্ঘ এ সময়ে সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো ঘটনা ঘটেনি বলছেন ঐতিহাসিকরা। 

অথচ ২০২১ সালে থেকেই শারদীয় দুর্গোৎসবের সময় সেই সম্প্রীতির শহর কুমিল্লা থেকে ছড়িয়েছিল সাম্প্রদায়িক বিদ্বেষ। নগরের নানুয়ার দিঘির পাড়ের দুর্গাপূজা মণ্ডপ ছড়িয়ে পড়া সেই বিদ্বেষের জেরে ঘটে প্রাণহানিও। 

প্রতি বছরের ন্যায় আবারও এসেছে শারদীয় দুর্গোৎসব। এবারও নানুয়ার দিঘির পাড়ে তৈরি করা হয়েছে নান্দনিক পূজা মণ্ডপ। তবে এবার আর কোনো বিদ্বেষ নয়; বরং নানুয়ার দিঘির পাড়ে মানুষ মেতে উঠছেন সম্প্রীতির বন্ধনে।

শুক্রবার রাতে অষ্টমীতে সরেজমিনে নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে গেলে সনাতন ধর্মাবলম্বীরা এমন কথাই বলেছেন। 

নানুয়ার দিঘির উত্তর পাড়ে প্রতি বছর পূজামণ্ডপটি স্থাপন করে দর্পণ সংঘ নামে একটি সংগঠন। এবারের পূজামণ্ডপ ব্যবস্থাপনা কমিটির সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন শ্যামল কৃষ্ণ সাহা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২১ সালের ওই ঘটনাকে আমরা মনে রাখতে চাই না। ওই ঘটনার পর গত দুই বছরও আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের আন্তরিকতা এবং নিরাপত্তায় আমরা উৎসবে মেতেছি। 

“এবারের আয়োজনটা আরও বর্ণাঢ্য। আমরা আশাবাদী শেষদিন পর্যন্ত সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা সম্প্রীতির বন্ধনে এভাবে মেতে থাকব।”

শ্যামল কৃষ্ণ সাহা আরও বলেন, “মণ্ডপ তৈরির কাজ শুরু থেকেই আইনশৃংখলা বাহিনী ও প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও রাখা রয়েছে। 

“এছাড়া আমাদের নিজস্ব উদ্যোগ এবং প্রশাসন থেকেও সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে, উৎসবের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো সমস্যা হবে না বলে আশাবাদী।”

যুগ যুগ ধরেই কুমিল্লাকে বলা হয় ইতিহাস ও ঐতিহ্যের শহর। কুমিল্লার ইতিহাস গবেষক আহসানুল কবীরের ভাষ্যমতে- বর্তমান কুমিল্লা জেলায় স্থায়ীভাবে প্রথম মুসলমান পরিবার হিসেবে ১৬৬১ সালে বসবাস শুরু হয়েছিল কুমিল্লা নগরের গোবিন্দপুর কাজী বাড়িতে। 

এরপর থেকে ধীরে ধীরে মুসলমানরা বসতি গড়ে তোলেন কুমিল্লা জেলায়। তবে এ দীর্ঘ সময়ে এখানে হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ হয়েছে কি-না এমন কোনো তথ্য জানতে পারেননি তিনি।

এই ইতিহাস গবেষক আহসানুল কবীর বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও কুমিল্লায় কোনো মন্দির বা মণ্ডপে হামলার ঘটনা ঘটেনি। ২০২১ সালের ওই ঘটনাটি কুমিল্লার ইতিহাসের সঙ্গে একেবারেই বেমানান। 

“ওই ঘটনাটিকে দিয়ে কুমিল্লার সম্প্রীতির বন্ধন ভেঙে ফেলারও সুযোগ নেই। কুমিল্লার শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি অতীতের মতোই ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।”

খোঁজ নিয়ে জানা গেছে, ১৪৫৮ সালে খনন হওয়া প্রাচীন নানুয়ার দিঘিটি কুমিল্লার ঐতিহ্য বহন করছে। এই দিঘির পাড়ে বসবাস ছিল দেশের বিশিষ্টজনদের। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস প্রায় ৭০০ বছর ধরে। 

অথচ ২০২১ সালের ১৩ অক্টোবর ভোরে নানুয়া দিঘির পাড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়া যায়। 

ওই ঘটনাকে কেন্দ্র করে নগরীর চারটি মন্দির ও সাতটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ঘটে। এ ছাড়া নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দির, কাপড়িয়াপট্টি শ্রী শ্রী চান্দমনি রক্ষাকালী মন্দির, মনোহরপুর এলাকার রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরেও সহিংসতা হয়েছিলো সেদিন।

রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরে সহিংসতার সময় ইটের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলীপ কুমার দাস নামে একজন মারা যান।

পূজামণ্ডপটিতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে ভাঙচুরের মধ্য দিয়ে শুরু হওয়া সাম্প্রদায়িক হামলা ছড়িয়ে পড়েছিল চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দরবান, ফেনী, গাজীপুর, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, কক্সবাজার, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ, বরিশালসহ কয়েকটি জেলায়।

এসব জেলায় মন্দির-মণ্ডপে হামলা ও ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় হিন্দুদের বাড়ি ও দোকানপাটে। হামলা ঠেকাতে যাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে প্রাণহানীও ঘটে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন নির্বিঘ্নে দুর্গোৎসবে মেতে উঠতে পারেন- সেজন্য পুলিশের পক্ষ থেকে সব প্রকার প্রস্তুতি রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব মাঠে আছে। 

পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন এবং অন্যান্য পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এ বছর জেলায় ৭৯১টি এবং নগরীতে ৬৯টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। পূজার আনন্দ যেন কোনো অপশক্তি নষ্ট করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সর্বোচ্চ নজরদারি করছেন। 

পূজা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুন

ক্ষত ঢেকে নানুয়ার দিঘির পাড়ে ফিরেছে 'উৎসবের আমেজ'

কুমিল্লা: মন্দিরে সংঘবদ্ধ হামলাকারীরা অচেনা, বলছেন স্থানীয়রা

'উসকানি' দিয়ে মন্দিরে হামলা, আটক ৪৩

কুমিল্লার পর চাঁদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রাণহানি

দুর্গাপূজায় সহিংসতা: বিচার হবে কবে?