ভাসানী বিশ্ববিদ্যালয়ে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি একাডেমিক ভবনের জানালার কাচ ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-মিশরের খেলা দেখাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার রাতেই সংঘর্ষ থেমে গেলেও বুধবার সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার সকাল পর্যন্ত এ সংঘর্ষের ঘটনায় আহত সাত শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। আর আহত সহকারী প্রক্টর আবদুল কুদ্দুসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সহকারী প্রক্টর আবদুল কুদ্দুস বলেছেন, “আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার খেলা দেখা কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করতে গিয়ে ইটের আঘাতে আহত হই। পরে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।”
তিনি বলেন, সংঘর্ষে অন্তত দশ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের টাঙ্গাইল জেনারেল হাপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা বলছে, বুধবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার খেলা শুরুর আগে বসার স্থান নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে এফটিএনএস এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের পাশে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় একাডেমিক ভবনের সামনে এবং এফটিএনএস ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা আব্দুল মান্নান হলের সামনে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, পরবর্তীতে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগে ফিরে গেলেও রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে আইসিটি, এফটিএনএস, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ বেধে যায়।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাত ৩টার দিকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকদের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনির মোর্শেদ বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
“উপাচার্য মহোদয় এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।”
বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রক্টর জানিয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, “কয়েকজন শিক্ষার্থী রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
