গুঁড়িয়ে দেওয়া সেই শহীদ মিনার পূর্বাবস্থায় ফেরানোর দাবি
তারা ২৪ ঘণ্টার মধ্যে নির্মিতব্য ‘কৃতি শিক্ষার্থী ফলক’ অপসারণ করে পুরনো শহীদ মিনার সংস্কারের কাজ শুরুর দাবি জানান।
সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে গুঁড়িয়ে দেওয়া ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শহীদ মিনারটি পূর্বাবস্থায় ফেরানোর দাবি জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
তারা ২৪ ঘণ্টার মধ্যে নির্মিতব্য ‘কৃতি শিক্ষার্থী ফলক’ অপসারণ করে পুরনো শহীদ মিনার সংস্কারের কাজ শুরুর দাবি জানান। নাহলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে পুরনো শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন।
এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদও জরুরি বৈঠক করে এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। পরে বীর মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা শহীদ মিনারটি রক্ষা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ক্যাম্পাসের কর্মসূচিতে বক্তব্য দেন লেখক কবি সুখেন্দু সেন, বিএনপি নেতা রেজাউল করিম, জাসাসের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন সুজন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, সংগঠক সালেহীন চৌধুরী শুভ, মোজাহিদুল ইসলাম মজনু, রাজু আহমেদ।
বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজে ষাটের দশকে তৎকালীন ছাত্র সংসদের নেতারা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন। এটিই জেলার প্রথম শহীদ মিনার। তারপর থেকে কলেজের শিক্ষার্থীসহ সুনামগঞ্জবাসী এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেন। প্রভাত ফেরি করতেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা শহীদ মিনারটি গুঁড়িয়ে দেয়। যুদ্ধ শেষে ফিরে কলেজের বীর মুক্তিযোদ্ধা ছাত্ররা আবারও একই স্থানে কিছুটা সংস্কার করে শহীদ মিনারটি পুনর্নির্মাণ করেন। এটা জেলাবাসীর ইতিহাস ও ঐতিহ্য ও আবেগ এবং গৌরবের প্রতীক।
তারা আরও বলেন, কলেজ কর্তৃপক্ষ সেখানে ‘কৃতি শিক্ষার্থী ফলক’ করার জন্য সেই ঐতিহ্য মুছে ফেলেছে। এর মাধ্যমে ইতিহাসের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। যারা ভাষা আন্দোলন ও একাত্তর মুছে দিতে চায় তারাই এটা করেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন:
