০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 12:14 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ মাস বয়সি সাইফান হোসেন সিলেট সদর উপজেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে; সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

অপর শিশু ১১ মাস বয়সি তানহা জান্নাত একই জেলার জকিগঞ্জ উপজেলার বাসিন্দা রুবেল আহমদের মেয়ে। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যায়। 

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৩৫ জনের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকী ১২৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৫৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।