মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণ
এ ঘটনায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
বুধবার সন্ধ্যার পর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
আহতরা হলেন- ওই এলাকার নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমি বেগম এবং ভ্যানচালকসহ আরও দুইজন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা লেনদেন ও পূর্ব শত্রুতার জেরে সন্ধ্যা ৭টার দিকে রুনি বেগমের সঙ্গে সুমি বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি দুই পরিবারের মধ্যে ছড়ালে উত্তেজনা দেখা দেয়। পরে উভয়পক্ষের স্বজন ও সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে জড়ো হন।
এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ৪০ থেকে ৫০টি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওসি আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
