২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 02:10 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।

নিহত চালক মো. হিমেল (২৪) দিনাজপুর সদরের গাবুরা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আব্দুর রউফ বলেন, “চাল বোঝাই একটি ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের ওপরে দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় আম বোঝাই আরেকটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে চাল বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক হিমেল গুরুতর আহত হন।

“তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।”

ক্ষতিগ্রস্থ ট্রাক দুইটি জব্দ করে থানায় রাখা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।   

অপরদিকে নাটোর-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বিপুল পরিমাণ আম নষ্ট হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

ওসি আব্দুর রউফ বলেন, “আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

“এতে ট্রাকে থাকা আমগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে নষ্ট হয়। তবে ট্রাকে থাকা কেউ হতাহত হয়নি।”