২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার নিয়ে ঝগড়া: স্ত্রীর মুখে গরম ছ্যাঁকা, পায়ের গোড়ালি কেটে পালাল স্বামী

“রোগীর শরীরের বিভিন্ন স্থানে দগদগে ক্ষত রয়েছে। তিনি শকের মধ্যে রয়েছেন।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 01:24 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর মুখে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা ও পায়ের গোড়ালি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে ওই গৃহবধূর মা সুফিয়া বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আহত ২৮ বছর বয়সী শারমিন আক্তার দাউদপুর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ও একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামের শহিদুল ইসলাম বকুর মেয়ে।

শারমিন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামী আলমগীর হোসেন (৩৫) ঘটনার পর থেকে পালাতক রয়েছেন।

ছোট দাউদপুর গ্রামের সাদা মিয়ার ছেলে আলমগীর হাট-বাজারে ছাগল কেনাবেচা করে জীবিকা চালান।

ঘটনার বর্ণনায় শারমিন আক্তার বলেন, চার বছর আগে আলমগীরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামান্য কথা কাটাকাটি হলেই আলমগীর তাকে নির্যাতন করে আসছে। 

তিনি বলেন, “সোমবার সকালে খাবার নিয়ে আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে আলমগীর আমাকে মারধর করে এবং ভাত রান্নার চুলায় রড গরম করে মুখে, কানে ও হাতে ছ্যাঁকা দেয়।

“এরপর কাঁচি দিয়ে তার বাম পায়ের গোড়ালি কেটে দেয়। এতে প্রচণ্ড রক্তক্ষরণে আমি অচেতন হয়ে পড়ি।”

শারমিনের মা সুফিয়া বেগম বলেন, “নির্যাতনের পর মেয়েকে ফেলে রেখে আলমগীর পালিয়ে যায়। পরে দুপুরে প্রতিবেশীরা গ্রাম পুলিশের সহায়তায় শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম শফিক আরেফিন বলেন, “রোগীর শরীরের বিভিন্ন স্থানে দগদগে ক্ষত রয়েছে। বিশেষ করে পায়ের গোড়ালি কাটা যাওয়ায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

“এজন্য তিনি শকের মধ্যে রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনাটি জানার পর হাসপাতাল ও ছোট দাউদপুর গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।