১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ‘ইত‍্যাদি’ অনুষ্ঠানে অর্ধশতাধিক মোবাইল চুরি

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, “মোবাইল চুরির বিষয়টি আমরা জেনেছি।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 11:41 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

নরসিংদীতে বিনোদনমূলক ‘ইত‍্যাদি’ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, রামনগর হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীরা বলছেন, প্রায় তিন হাজার অতিথির জন্য অনুষ্ঠানে আসন বরাদ্দ করা হয়। কিন্তু অতিরিক্ত আরও কয়েক হাজার ব্যক্তি অনুষ্ঠানে অবৈধভাবে প্রবেশ করেন। পুলিশি বাধা উপেক্ষা করে, দেয়াল টপকে তারা ভিতরে প্রবেশ করেন। এ সময় ধাক্কাধাক্কির সুযোগে একটি চক্র প্রবেশ ফটক থেকেই হাতিয়ে নেয় মোবাইল ফোন।  

অনুষ্ঠান চলাকালে চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে শত শত পাশধারী দর্শক ও অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠানস্থলে থাকা ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন বলেন, “ফটক দিয়ে ঢোকার সময় প্রশাসনের অব‍্যবস্থাপনার কারণে হট্টগোল দেখা দেয়। এ সময় দীপ্ত টিঁভি, ইভিনিং নিউজ, দৈনিক আমার দেশ, ভোরের ডাক, প্রতিদিনের সংবাদ, আমিসহ সাত সাংবাদিকের মোবাইল চুরি হয়। আমরা কাছাকাছি ছিলাম ফলে তাৎক্ষণিকভাবে আমরা বিষয়টা জানতে পারি।  

“তখন ফটকে অবস্থানরত পুলিশকে মোবাইল চুরির ঘটনাটি জানানো হয়। আমরা পুলিশের কাছে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে ছিলাম। এর মধ্যে ৪০ থেকে ৪৫ জন মোবাইল চুরির ঘটনা আমাদের সামনেই পুলিশকে অবহিত করে। কিন্তু প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। কারণ, সবাই তো বিষয়টি পুলিশকে জানায়নি। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল।” 

এ ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, “অনুষ্ঠান উপভোগের জন্য জেলা ও জেলার বাইরে থেকে হাজার হাজার দর্শক এসেছেন। পাশাপাশি হয়ত অনেক চোরও এসেছে। অনুষ্ঠানে বেশকিছু দর্শকের মোবাইল ফোন হারানোর বিষয়টি জেনেছি। থানায় অভিযোগ দিলে পুলিশ মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করবে।”