২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

তিনি ঢাকার পল্টন থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন বলে জানান কারগারটির জ্যেষ্ঠ কারাধ্যক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2023, 08:44 PM

Updated : 25 Nov 2023, 09:35 PM

গাজীপুরের কাশিমপুর উচ্চ নিরাপত্তাসম্পন্ন কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে তিনি মারা যান বলে কারাগারটির জ্যেষ্ঠ কারাধ্যক্ষ সুব্রত কুমার বালা জানান।

নিহত হাজতি গোলাপ রহমান (৬৩) চট্টগ্রাম নগরীর মোহরা ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ছিলেন। তিনি ঢাকার পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর ছিল ৭৭৪/২৩।

জ্যেষ্ঠ কারাধ্যক্ষ জানান, গোলাপ রহমান হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার থেকে তিনি কারা হাসপাতালে ওই রোগের চিকিৎসা নেন।

সুব্রত বালা আরও বলেন, শনিবার দুপুরে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন গোলাপ। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে গোলাপ রহমানের লাশ রোববার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই জ্যেষ্ঠ কারাধ্যক্ষ।

গোলাপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

এক শোকবার্তায় তারা জানিয়েছেন, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির যে সমাবেশ ছিল, সেখানে যোগ দিতে গোলাপ ঢাকায় আসেন। সমাবেশের আগের দিন সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে থেকে গোলাপসহ সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তারা কাশিমপুর কারাগারে ছিলেন।