২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-৫: ধর্মীয় অনুষ্ঠানে ভোট প্রার্থনা, জামায়াত নেতাকে জরিমানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

গাজীপুর-৫ আসনে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে ভোট প্রার্থনার ঘটনায় জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসানের এক প্রতিনিধিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে এ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

ঘটনার দিন সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ‘মহান সাধু অন্তনী’ উপলক্ষে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা সেন্ট অ্যান্থনিস চার্চ (সাধু আন্তনী তীর্থস্থান) এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে।

এ উপলক্ষে চার্চে আগত মানুষের মধ্যে শুভেচ্ছা ও পানির বোতল বিতরণের জন্য ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি ‘সেবা কেন্দ্র’ স্থাপন করা হয়। সেখানে জামায়াতের নেতাকর্মীরা আগতদের হাতে পানির বোতল তুলে দেন।

এ ছাড়া জামায়াত প্রার্থী খায়রুল হাসানের পক্ষে ভোট প্রার্থনাও করেন নেতাকর্মীরা। এ ঘটনায় ধর্মীয় অনুষ্ঠানের পরিবেশ ব্যবহার করে নির্বাচনি প্রচার চালানোর অভিযোগ ওঠে। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।

বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আইনবিষয়ক কমিটির প্রধান লুৎফর রহমান প্রধানকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ২৭(ক) ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।