২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিস্ফোরণে’ পা উড়ে যাওয়া রোহিঙ্গার মৃত্যু, লাশ হাসপাতালে

“নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আয়াছ আহত হয়েছিলেন।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2024, 08:49 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

‘বিস্ফোরণে’ ডান পায়ের গোড়ালি উড়ে যাওয়া এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান।

নিহতের নাম মোহাম্মদ আয়াছ। বয়স আনুমানিক ২৪। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চিকিৎসক আশিকুর বলেন, দুপুর আড়াইটার দিকে সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে টেকনাফ থেকে একজনকে হাসপাতালের নিয়ে আসেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বিস্ফোরণে ওই রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি।

চিকিৎসক বলেন, “রোহিঙ্গা আয়াছকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পরপরই ওই ব্যক্তি সটকে পড়েন। হাসপাতালে ওই ব্যক্তি বলেছেন, নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আয়াছ আহত হয়েছিলেন।”

তবে আয়াছ বাংলাদেশের কোনো রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন, নাকি মিয়ানমারে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিক; এ ব্যাপারে কোনো তথ্য ওই ব্যক্তি দেননি বলে জানান আশিকুর রহমান।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এই চিকিৎসক।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, “আমরা এ ব্যাপারে কিছু জানি না। এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম।”

কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হলেন কোথায়

'গুলি নয়, নৌকায় উঠতে গিয়ে আহত', এখন বলছেন সেই রোহিঙ্গা