ফরিদপুরে পুকুরে বিষ, ‘অর্ধকোটি টাকার ক্ষতি’ মৎস্যজীবীর
এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান কোতোয়ালি থানার ওসি।
ফরিদপুরে রাতে এক মৎস্যজীবীর লিজ নেওয়া পুকুরে বিষ দিয়ে প্রায় অর্ধকোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামে এমন ঘটনার অভিযোগ পেয়েছেন বলে জানান ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান।
অভিযোগের নথি থেকে জানা যায়, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নরসিংহদিয়া গ্রামের বাসিন্দা অনিমেষ সরকার নিজ গ্রামসহ বিভিন্ন এলাকায় পুকুর লিজ নিয়ে মাছের চাষাবাদ করেন।
বৃহস্পতিবার রাতে কে বা কারা তার চারটি পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে গিয়ে পুকুরে মাছ মরে ভেসে আছে, দেখেন অনিমেষ। রুই, কাতল, টেংরাসহ বিভিন্ন জাতের মাছ ছিল সেখানে।
অনিমেষ সরকারের দাবি, “ধারদেনা করে পুকুর লিজ নিয়ে আমি মাছ চাষাবাদ করি। পুকুরে বিষ দেওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। চারটি পুকুরে প্রায় ৬০ লাখ টাকার মাছ মরে গেছে।”
দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
ওসি মাহমুদুল হাসান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
