রাজশাহীর পাহাড়িয়াদের স্থায়ী পুনর্বাসনের দাবি
পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ১৩টি পরিবারকে উচ্ছেদ কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
রাজশাহী নগরের মোল্লাপাড়ায় বসবাসরত পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ১৩টি পরিবারকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে স্থায়ীভাবে পুনর্বাসন ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। এতে সংহতি প্রকাশ করে আরও সাতটি সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর ভারত থেকে আসা পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ছয়টি পরিবারকে ইন্দ্রা ধোপা নামের এক ব্যক্তি নগরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় বসবাস করতে জমি দেন। ধীরে ধীরে সেখানে তিন প্রজন্মের ১৬টি পরিবারের বসতি গড়ে ওঠে।
কয়েক বছর আগে ওই জমির মালিকানা দাবি করে সাজ্জাদ আলী ওরফে সাজ্জাদ হাজি তাদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছেন। এর মধ্যে তিনটি পরিবার সেখান থেকে চলেও গেছে। বাকিদের রোববার চলে যাওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে ঘটনাটি প্রশাসনের নজরে এলে উচ্ছেদ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সেখানে সরকারি উদ্যোগে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে এসব পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি তাদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে মানবন্ধনে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়, সহ-সভাপতি রাজ কুমার শাও, মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্ল্যাহ চৌধুরী, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, ‘দিনের আলো হিজড়া সংঘের’ সভাপতি মোহনা, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাসদা এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান হাসিবুর বক্তব্য দেন।
আরও পড়ুন:
