রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের ৬ পরিবারকে উচ্ছেদ নিয়ে তোলপাড়
জমির কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী নগরের মোল্লাপাড়ায় ভয়ভীতি দেখিয়ে পাহাড়িয়া সম্প্রদায়ের ছয়টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। তবে ঘটনাটি জানাজানি হলে পুলিশের হস্তক্ষেপে থেমে গেছে উচ্ছেদ প্রক্রিয়া।
পাহাড়িয়াদের অভিযোগ, জমির মালিকানা দাবি করা সাজ্জাদ আলী ওরফে সাজ্জাদ হাজি তাদের অল্প কিছু টাকার বিনিময়ে এলাকা ছাড়তে বাধ্য করছেন। এ নিয়ে যদি তারা থানায় অভিযোগ করতে যান, তবে সেই টাকাও পাবেন না বলে হুমকি দিয়েছেন সাজ্জাদ আলী।
তবে সাজ্জাদ আলীর দাবি, ১৯৯৪ সালে দলিল মূলে জমিটি কিনেছেন তিনি।
উচ্ছেদ করতে চাওয়া পরিবারগুলো ‘পুনর্বাসনে’ দুই লাখ টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন সাজ্জাদ।
পাহাড়িয়াদের দাবি, মুক্তিযুদ্ধের পর ভারত থেকে আসা ছয়টি পরিবারকে ইন্দ্রা ধোপা নামের এক ব্যক্তি সেখানে থাকতে দেন। ধীরে ধীরে সেখানে তিন প্রজন্মের ১৬টি পরিবারের বসতি গড়ে ওঠে। বর্তমানে এই জমির বাজার মূল্য কয়েক কোটি টাকা।
খবর পেয়ে বৃহস্পতিবার কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীরা বিষয়টি খোলাসা করেন। পরে পাহাড়িয়াদের সঙ্গে কথা বলতে যান গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও।
এ সময় পুলিশ সাজ্জাদ আলীকে ফোন করে সেখানে ডেকে নেন। সাজ্জাদের উপস্থিতিতে ওসি পাহাড়িয়াদের জিজ্ঞাসা করেন, কেন তারা থানায় অভিযোগ করতে যাননি।
উত্তরে ভুক্তভোগী মিল্কি বিশ্বাস বলেন, “সাজ্জাদ আলী বলেছেন, যদি আমরা বাড়াবাড়ি করি, যে টাকা দিচ্ছে সেটাও দিবে না। তাই কোথাও যেতে পারিনি, টাকা নিতে বাধ্য হয়েছি।”
আবেগজড়িত কণ্ঠে মিল্কি বিশ্বাস বলেন, “এখানে জন্ম আমাদের। জন্ম জায়গা কেউ ছেড়ে যেতে চায় না। কিন্তু ভয় দেখিয়ে আমাদের যেতে বাধ্য করা হচ্ছে।”
পুলিশ ও লোকজনের জটলা দেখে ঘটনাস্থলে আসেন ওই এলাকার বাসিন্দা আসাদ আলী। তিনি বলেন, “এরা (পাহাড়িয়া) ৬২ বছর ধরে এখানে বাস করছে। জমির আসল মালিক ছিলেন ইন্দ্রা ধোপা। সাজ্জাদের দাবি ভিত্তিহীন।”
বছর দুয়েক আগেও সাজ্জাদ আলী পাহাড়িয়া সম্প্রদায়ের এসব পরিবারকে উচ্ছেদের চেষ্টা করেছিলেন বলে জানান ওই এলাকার বাসিন্দা মিশ্র রাম বর্মণ।
তিনি বলেন, “সেই সময় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম উভয়পক্ষকে নিয়ে বসেন। তখন সাজ্জাদের কাগজপত্র দেখে কাউন্সিলর বলেন, এটি জাল দলিল। এরপর সাজ্জাদ কৌশলে পালিয়ে যান।”
মিশ্র রাম বর্মণ বলেন, “গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর সাজ্জাদ আবার উচ্ছেদের আল্টিমেটাম দেন। পরে ছয়টি পরিবারকে ছয় লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব দেন সাজ্জাদ আলী।
“প্রথমে তিন মাস সময় দেন। পরে ১৫ দিন, সাত দিন, শেষে ১০ দিনের আলটিমেটাম দেন। শুক্রবার ছিল শেষ সময়। এদিন খাসি কেটে খাওয়াবে বলে জানিয়েছিল সাজ্জাদ। আর রোববারের মধ্যে সবাইকে এলাকা ছাড়তে হবে।”
৮০ বছর বয়সের ফুলমনি বিশ্বাস। এই জমিতে প্রথম বসবাসকারীদের মধ্যে তিনিই জীবিত আছেন। যে ভূমিতে ৫৪ বছর কাটিয়েছেন, সেখান থেকে যেতে চান না তিনি।
ফুলমনি বলেন, “ইন্দ্রা ধোপার অনেক সম্পতি ছিল। তিনি আমাদের এখানে থাকতে দিয়েছিলেন। বলেছিলেন, এ জায়গা আমাদের নামে করে দেবেন।
“ইন্দ্রা ধোপার একটি মেয়ে ছিল। মেয়ে অসুস্থ্য হলে তাকে দেখাতে ময়মনসিংহে গিয়েছিলেন। সেখানেই তিনি মারা যান। পরে শুনেছি তার মেয়েও মারা গিয়েছিলেন। তবে ইন্দ্রা ধোপার কোনো নাতনি ছিল কি-না তা জানি না।”
উচ্ছেদের হুমকি পাওয়া পার্বতী রানী কেঁদে কেঁদে বলেন, “আমি পুয়াতি (গর্ভবতী)। এখুন কার বাড়িত গিয়ে উঠব? যে টাকা দিতে চাইছে, তা দিয়ে জমি হবে। কিন্তু ঘর করব কি দিয়ে।”
তবে সাজ্জাদ আলী পুলিশের সামনে একটি দলিল দেখিয়ে দাবি করেন, ১৯৯৪ সালে জমিটি কিনেছেন তিনি। উচ্ছেদ করতে চাওয়া পরিবারগুলোকে ‘পুনর্বাসন’ করতে তিনি ব্যবস্থা নিয়েছেন। এর মধ্যে দুই লাখ টাকা করে নিয়ে তিনটি পরিবার সেখান থেকে চলে গেছে। বাকিরা রোববার চলে যাওয়ার কথা বলেছিল। সব পরিবারকে দুই লাখ টাকা করে দিতে চেয়েছেন তিনি।
ভূমি কার্যালয় থেকে জানা গেছে, হড়গ্রাম মৌজার ৫১ নম্বর জে এল ও ১২৯০ নম্বর দাগে জমিটির পরিমাণ ৩৭ দশমিক ৯৪ শতক। পুরনো রেকর্ডে জমির মালিক হিসেবে রাজশাহীর কাজীহাটার গাজিয়া রজকিনি ও ময়মনসিংহের মনিতারা রজকিনির নাম আছে।
১৯৯৪-৯৫ সালে সাজ্জাদ আলীসহ চারজনের নামে জমিটি খারিজ হয়। তবে জমির প্রকৃত মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন ভূমি কর্মকর্তারা আরিফুল ইসলাম।
তিনি বলেন, সাজ্জাদের দলিলের বৈধতা প্রমাণ করতে হলে পূর্ববর্তী মালিকদের দলিল খুঁজে বের করতে হবে। অন্যথায় এটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন যান জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি, মানবাধিকারকর্মী আরিফ ইথার এবং জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরীসহ বেশ কয়েকজন নেতা।
উচ্ছেদের হুমকি পাওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলার পর গণেশ মার্ডি সাংবাদিকদের বলেন, “আমরা কিছুই জানতাম না। এভাবে মানুষ উচ্ছেদ হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
নগরের বড়কুঠি ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্দেশে তিনি তদন্ত শুরু করেছেন। জমির নথি যাচাই করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
ঘটনাস্থল পরিদর্শনের পর ওসি আজিজুল বারী বলেন, জমির কাগজপত্র যাচাই না হওয়া পর্যন্ত কাউকে উচ্ছেদ করা হবে না। মানবাধিকার লঙ্ঘন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জমির দাবি করা সাজ্জাদ আলীর দলিলটি চুলচেরা বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
