এসএসসির ফলাফল: চার শিক্ষার্থীর ‘আত্মহত্যা’, হাসপাতালে আরও ৩ জন
জিপিএ-৫ না পেয়ে নীলফামারীতে কিশোর এবং অকৃতকার্য হয়ে হবিগঞ্জ, ঝিনাইদহ ও ময়মনসিংহে ৩ কিশোরী ‘আত্মহত্যা’ করেছেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে অকৃতকার্য হয়ে বা আশানুরূপ ফল না পাওয়ায় চার শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
এর মধ্যে জিপিএ-৫ না পাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে এক কিশোর গলায় ফাঁস দিয়ে এবং অকৃতকার্য হওয়ায় বিষ পান করে হবিগঞ্জ সদরে এক কিশোরী, গলায় ওড়না পেঁচিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডে কিশোরী ও ময়মনসিংহের ধোবাউড়ায় আরেক কিশোরী ‘আত্মহত্যা’ করেছেন।
এছাড়া হবিগঞ্জে বিষপান করে দুই কিশোর ও মাগুরায় ছাদ থেকে লাফ দিয়ে একে কিশোরী ‘আত্মহত্যার চেষ্টা’ করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী : এসএসসিতে জিপিএ-৫ না পাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে ‘আত্মহত্যা’ করেছেন এক শিক্ষার্থী।
রোববার দুপুরে সৈয়দপুর উপজেলার শহরের বাঙালীপুর নিজপাড়ার ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈয়দপুর থানার পরিদর্শক শাহা আলম।
মৃত রাফসান জানি এমিল (১৬) সৈয়দপুর লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহিমের ছেলে।
বাঙালীপুর নিজপাড়ার এলাকায় ভাড়া বাড়িতে থাকত এমিলের পরিবার।
পরিবারের বরাতে পুলিশ জানায়, রোববার এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪ দশমিক ৮৯ পয়েন্টে পেয়ে উত্তীর্ণ হন এমিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী জিপিএ-৫ না পাওয়ায় ফলাফল হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে এমিল।
একপর্যায়ে তিনি নিজের শোয়ার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তার বাবা-মা ঘরের দরজা ভেঙে দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে। দ্রুত তাকে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে হাসপাতাল চত্বরে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার বাবা ও মা।
ওসি শাহা আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ: হবিগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক কিশোরী বিষ পান করে আত্মহত্যা করেছেন।
একই কারণে পৃথক ঘটনায় বিষ পান করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি আছেন আরও দুই কিশোর।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক বিভারবী দাস জানান, রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর বিষ পান করার ঘটনায় তিন কিশোর-কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।
এর মধ্যে মাইশা আক্তার (১৭) নামে এক কিশোরীকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। আর অপর দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাইশা আক্তার কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আদমপুর গ্রামের মজিদ মিয়ার মেয়ে। স্থানীয় দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী দুই বিষয়ে ফেল করেছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
হাসপাতালে চিকিৎসাধীন আরেক কিশোর শুভ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে একটি বিষয়ে ফেল করেছেন।
অপরদিকে, বাহুবল উপজেলার মহব্বতপুর গ্রামের কিশোর মেহেদী হাসান স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়। সে একটি বিষয়ে ফেল করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষ পান করে হাসপাতালে এক কিশোরীর মৃত্যু হওয়ার কথা জেনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকলে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ হস্তান্তর করা হবে।
ঝিনাইদহ: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক বিন্নী গ্রামে ‘আত্মহত্যা’ করেছেন এক কিশোরী।
নুপুর আকতার (১৬) নামে ওই পরীক্ষার্থী গ্রামের আসাদুল ইসলামের মেয়ে। এবার উপজেলার দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পরিবারের সদস্যদের বরাতে হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, রোববার ফল প্রকাশের পর ফেল করার খবর পেয়ে নুপুর মনমরা হয়ে পড়ে। পরে পরিবারের অগোচরে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, “মেয়েটি শান্ত প্রকৃতির ছিল। তার আত্মহত্যার খবর শুনে শিক্ষক- শিক্ষার্থীরা মর্মাহত।”
ওসি জিয়াউর বলেন, খবর পাওয়ার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের ধোবাউড়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রোববার দুপুরে উপজেলার পুরাকান্দলিয়া ইউনিয়নের বতিহালা গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছন ধোবাউড়া থানার ওসি চান মিয়া।
মৃত শোহেদা আক্তার (১৭) ওই গ্রামের ছমেদ আলীর মেয়ে। সে বতিহালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ মিয়া বলেন, “ঘটনাটি দুঃখজনক। শোহেদা আক্তার গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। এরপর এবার সে এক বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়েও অকৃতকার্য হয়।”
পরিবারের সদস্যদের বরাতে ওসি চান মিয়া বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর শিক্ষার্থী শোহেদা আক্তার জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এতে মনকষ্টে সে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ”
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
মাগুরা: এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরায় চার তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কিশোরী।
গুরুতর আহত কথা সাহা মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের রাজ কুমার সাহার মেয়ে। সে বিনোদপুর ননিবালা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
শিক্ষার্থীর বাবা রাজ কুমার সাহা জানান, পাঁচ দিন আগে মাগুরা শহরের নতুন বাজার ফুফুর (পিসি) বাড়িতে বেড়াতে যায় কথা। রোববার এসএসসি পরীক্ষার ফলাফলে সে এক বিষয়ে ফেল করে। খবরটি জানতে পেরে বেলা ১২টার দিকে ওই বাড়ির চার তলার ছাদ থেকে লাফ দেয়।
কথার আত্মীয় অরুণ সাহা বলেন, বাড়িতে কথা সাহা এবং আমার স্ত্রী দুজনেই ছিলেন। পরীক্ষার ফলাফল ঘোষণা হলে আমার স্ত্রী জানতে পারে কথা গণিতে ফেল করেছে। এই খবরটি কথা সাহা শুনে সে কাউকে কিছু না জানিয়ে চার তলার ছাদে গিয়ে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক অমর প্রসাদ জানান, রোগী চারতলা থেকে লাফ দেওয়ায় রোগী পায়ে, কোমরে এবং স্পাইনাল কর্ড মারাত্মকভাবে আঘাত পেয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
