Published : 06 Jul 2026, 08:39 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়েবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ।
পুলিশ জানায়, কয়েক দিন আগে মূলগ্রাম-বাদৈর সড়কে পড়ে থাকা একটি গাছ সরানো নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। এ ঘটনায় গ্রাম্য সালিশও হয়, কিন্তু মীমাংসা হয়নি।
এরই মধ্যে সোমবার বিকালে শ্যামবাড়ি গ্রামের এক বাসিন্দার মোটরসাইকেলের সঙ্গে হাতুড়েবাড়ি গ্রামের একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালকের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আগের বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও যোগ দেন।
পরে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ দা, রামদা, বল্লম, ছুরি ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় তিনলাখপীর-চারগাছ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির পর সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।