‘হাদির ওপর হামলা উদ্বেগের’
সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলা উদ্বেগের বলে মন্তব্য করেছেন সিলেট-১ (সদর-মহানগর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য বলেন, “ঢাকায় ওসমান হাদির ওপর যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, তা সব রাজনৈতিক কর্মীর জন্য উদ্বেগের।”
রোববার বিকালে নগরীর কাজিরবাজার এলাকায় তার নির্বাচনি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিগত দেড় দশক দেশের মানুষ স্বাভাবিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জানিয়ে তিনি বলেন, “পর পর তিনবার দিনের ভোট রাতে হওয়ার মত আজব নির্বাচন হয়েছে। এবার মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেটি নিশ্চিত করাই এ মুহূর্তে সরকারের ‘টপ প্রায়োরিটি’ হওয়া উচিত।”
মতবিনিময় সভায় বিএনপি প্রার্থী নির্বাচিত হলে আগামী দিনে তার কর্মপরিকল্পনার কথা বিস্তারিত তুলে ধরেন।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক বদরুদ্দোজা বদর।
সিলেটের উন্নয়নের বিষয়ে তার প্রত্যাশা ও পরিকল্পনার বিষয়ে আলোকপাত করে খন্দকার মুক্তাদির বলেন, “সিলেটের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির অভাব। পাথর কোয়ারি, ব্রিক ফিল্ড ও পরিবহন খাত ছাড়া সিলেটে বড় কোনো কর্মসংস্থানের ক্ষেত্র নেই। এ কারণে সিলেটের তরুণরা বিদেশমুখী হয়ে রয়েছেন। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে সরকারি নীতি সহায়তায় সিলেটে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি তরুণদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করা হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামিমুর রহমান, সদস্যসচিব ডা. শাহনেওয়াজ চৌধুরী, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আশিক উদ্দিন আশুক, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক ফরিদ উদ্দিন, শাবির সহকারী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জিয়াউল হক জিয়া।
