১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তালাবদ্ধ ঘরে পড়েছিল পোশাক শ্রমিকের লাশ, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকায় ঈদের দিন থেকে দম্পতির মোবাইল ফোন বন্ধ পেয়ে খোঁজ নিতে ভাড়া বাড়িতে গিয়ে সাবিনার লাশ পান স্বজনরা।

তালাবদ্ধ ঘরে পড়েছিল পোশাক শ্রমিকের লাশ, স্বামী পলাতক
ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘরে এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 06:10 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন।

রোববার দুপুরে উপজেলার সিডস্টোর উত্তর বাজার আল-আমিন খান নয়নের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির।

নিহত সাবিনা আক্তার (৪২) ত্রিশাল উপজেলার কানীহারী ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমিনের মেয়ে। সাবিনার স্বামী স্বপন মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নে কুটেরচর গ্রামের বাসিন্দা। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন থেকে সাবিনা ও স্বপনের মোবাইল ফোন বন্ধ থাকায় ভাড়া বাসায় খোঁজ নিতে যান স্বজনরা। ঘরটি বাহির থেকে তালাবদ্ধ দেখে জানালার ফাঁক দিয়ে মেঝেতে সাবিনার লাশ পড়ে থাকতে দেখে যায়।

খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ঘর থেকে সাবিনার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

সাবিনার ছোট ভাই সাদ্দাম হোসেন বলেন, তিন সন্তানের জননী সাবিনাকে হত্যা করে স্বপন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তি দাবি করেন তিনি। 

বাড়ির মালিক আল-আমিন খান নয়ন বলেন, সাবিনা তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল।

ওসি হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।