২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে

“অনেক শ্রমিক কারখানা থেকে দ্রুত বেরোতে পারলেও কেউ আটকা পড়েছেন কিনা, তা নিশ্চিত নয়।”

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের ডুয়েট গেট এলাকায় শনিবার একটি অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 10:39 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

গাজীপুর মহানগরীর ডুয়েট গেট এলাকায় অ্যালুমিনিয়াম কারখানায় লাগা আগুন পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলটেক অ্যালুমিনিয়ামের এ কারখানার অবস্থান জয়দেবপুর শিমুলতলী এলাকায়; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ফটকের পাশেই। সেখানে সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। 

স্থানীয় ব্যবসায়ী শিহাব খান বলেন, কারখানার ওপর দিয়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক কারখানা থেকে দ্রুত বেরোতে পারলেও কেউ আটকা পড়েছে কিনা, তা নিশ্চিত নয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুস সামাদ বলেন, তাদের সঙ্গে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে; এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

‘প্রাথমিক তথ্যের’ বরাতে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কারখানাটির ইন্ডাস্ট্রিয়াল ওভেনের ওপরে থাকা ফার্নেস রয়েছে। সেখানে স্পার্ক হয়ে সৃষ্ট আগুন কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে পাউডার কোটেড কেমিকেলও ছিল, যা খুবই দাহ্য।

তিনি বলেন, আগুনে প্রায় ৬০ হাজার বর্গফুটের কারখনার পুরো শেড ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশে ছড়াতে পারেনি।