১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সারজিস, নাহিদদের আয়ের উৎস কোথায়, প্রশ্ন রাশেদ খাঁনের

“মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতে ইসলামীর কোনো হাত নেই। এই চুক্তি এনসিপি করিয়েছে।”

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 09:21 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। 

বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। 

বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে গণঅধিকার পরিষদ থেকে বিএনপিতে আসা রাশেদ খাঁন বলেন, “এ্যানি ভাই (পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি) কোরবানি দিচ্ছেন সেই প্রশ্ন করেছেন। কিন্তু আপনারা রূপায়নে (রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ার) একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসীরুদ্দিন পাটওয়ারী গাড়িতে ঘুরে বেড়ায়; সঙ্গে প্রটোকল নিয়ে যায়। সেই টাকা কোথায় পায়। সারজিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়?”

এ সময় রাশেদ খাঁন দাবি করেন, “মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতে ইসলামীর কোনো হাত নেই। এই চুক্তি এনসিপি করিয়েছে।”

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ বলেন, “রাজনৈতিক শিষ্ঠাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অমানুষের মত আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। 

হাসিনাকে টেকাতে চেয়েছিলেন হাসনাত, দাবি রাশেদের

“নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। সে দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ তার মত বেয়াদবদের শায়েস্তা করবে।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, “জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনে ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না।”

এ সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।