খুলনায় ‘মনোমালিন্য’ থেকে হত্যা, মেয়ে জামাইসহ দুজনের মৃত্যুদণ্ড
রশিদ ২০২১ সালের ২২ অক্টোবর রাতে নিখোঁজ হন। পরদিন সকালে তেলিগাতি এলাকার একটি ঘেরের পাড়ে তার লাশ পাওয়া যায়।
খুলনায় আবদুর রশিদ ঢালী নামে একটি ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় তার মেয়ে জামাইসহ দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ সুমি আহমেদ এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী এ তথ্য দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আবদুর রশিদের মেয়ে জামাই শেখ রাশেদ ও তার ভাই শেখ রকিবুল ইসলাম। তাদের উপস্থিতিতেই আদালত রায় দিয়েছে।
মৃত আবদুর রশিদের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। তারা খুলনা নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ী গেট এলাকায় ভাড়া থাকতেন।
আসামি শেখ রাশেদ ও রকিবুল ইসলামের বাড়িও একই এলাকায়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে নিখোঁজ হন রশিদ।
পরদিন সকালে তেলিগাতি এলাকার একটি ঘেরের পাড়ে তার লাশ পাওয়া যায়।
ওই ঘটনায় তার স্ত্রী ফারজানা বেগম বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে কারও নাম ছিল না।
পরে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন আড়ংঘাটা থানার এসআই উপপরিদর্শক রফিকুল ইসলাম সন্দেহভাজন হিসেবে মেয়ে জামাই রাশেদকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি শ্বশুরকে হত্যার কথা স্বীকার করেন।
রাশেদ ও তার ভাই রকিবুল আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।
এ মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর রায় দিয়েছেন।
রায়ের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক সাংবাদিকদের বলেন, মূলত আর্থিক লেনদেনের কারণে মেয়ে জামাই রাশেদের সঙ্গে রশিদের `মনোমালিন্য' ছিল। তার জেরেই দুই ভাই মিলে রশিদকে হত্যা করেছেন।
আসামিপক্ষের আইনজীবী তৌফিক উল্লাহ বলেন, মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না। কোনো দালিলিক প্রমাণও নেই। শুধু দুই ভাইয়ের ১৬৪ ধারার জবানবন্দির পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা করা হয়েছে। ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।
