২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে: কায়সার কামাল

ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2025, 09:31 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, “বতর্মান সরকারের কার্যক্রমে মানুষ সন্দিহান হচ্ছে। দেশের প্রতিটি রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই সনদ বতর্মানে উপস্থাপন করা হয়নি। আমরা এর নিন্দা, প্রতিবাদ জানাই। 

“আমরা দেখেছি, শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল। কিন্তু এখন দেখছি, নতুন প্রতারকের জন্ম হয়েছে, এটা লজ্জাজনক।” 

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, “জুলাই সনদের কিছু অনুচ্ছেদ সংসদ নির্বাচনের পরে ২৬০ দিনের মধ‍্যে যদি সংবিধানে সন্নিবেশিত করা না হয়, তাহলে সেগুলো অটো সন্নিবেশিত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশসহ বিশ্বের কোথাও এই ধরনের নজির নেই। 

“তাই প্রতারণা বন্ধ করে অবিলম্বে স্বাক্ষরিত জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করেন। বিগত সময়ে আমরা দেখেছি, বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ফ‍্যাসিস্ট শেখ হাসিনা এর উৎকৃষ্ট নজির।” 

সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ করে কায়সার কামাল বলেন, “দেশের মানুষ আইনের শাসনে বিশ্বাসী। কিন্তু বতর্মান আইন উপদেষ্টা মাঝে মাঝেই জুডিশিয়ারি নিয়ে তীর্যক মন্তব্য করছেন। দেশের আইনজীবী সমাজ এটা ভালোভাবে নিচ্ছেন না, থামুন। না হলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ‍্য হবে।” 

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েতুর রহমানের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মমরুজুল হাসান জুয়েল, নূরুল হক, রেজাউল করিম চৌধুরী, মাসুদ তানভীর তান্না। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটে ৩০৭ জন সদস‍্য নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এরই মধ‍্যে দুইজন আইনজীবী সদস্য মারা যাওয়ায় বতর্মান এই কাউন্সিল অধিবেশনের মোট ভোটার ৩০৫ জন। এর বিপরীতে দুইটি প‍্যানেলে পাঁচটি পদে স্বতন্ত্র দুজনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।