ময়নাতদন্ত ছাড়াই টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের লাশ হস্তান্তর
ওসি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ১৫ জনের লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সোমবার রাতে ১৫ জনের লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান।
নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), একই গ্রামের রহিমের ছেলে মো. বাদশা (৩২), একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), সুলতানের ছেলে তারেক জিয়া (২০), উপজেলার পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০) ও মো. মাইনুল (২৮), মশিদপুর গ্রামের সুজন আলী (৩৫), নিয়ামতপুর উপজেলার রামগা গ্রামের রহমতুল্লাহর ছেলে আলমগীর হোসেন সুজন (২৪), রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মামুন (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর থানার বৈরাগীরচর গ্রামের হাবিুবুর প্রামাণিকের ছেলে হাসান আলী (৩৯), নাটোর জেলা লালপুর থানার নরেন্দ্রপুর গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মোহাম্মদ আলম মোল্লা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাকটি উল্টে মোট ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া রাব্বানি নামের এক যাত্রী বলেন, “আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ দেখি ট্রাক উল্টে গেছে। এরপর আর কিছুই বলতে পারব না।”
আহত যাত্রী আব্দুর রহমান বলেন, “ট্রাকটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় যাওয়ার কথা ছিল। ফেনী থেকে বাসের ভাড়া জনপ্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা হয়। কিছু টাকা বাঁচাতে গিয়ে আমরা ট্রাকে উঠি। টাকা বাঁচাতে গিয়েই আজ এই মানুষগুলোর মৃত্যু হয়েছে।”
তিনি বলেন, ফেনী থেকে প্রায় ১৮ জন একসঙ্গে ট্রাকে চড়েন। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজনকে তোলা হয়। হতাহতরা সবাই মূলত পেশায় হকার।
যমুনা সেতু পূর্ব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, এ ঘটনায় মামলা হবে। ট্রাকচালক ও চালকের সহকারীর হদিস পাওয়া যায়নি।
