২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে: বিজিবি

বিজিবি জানায়, ইতোমধ্যে তিন গুজবকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 02:38 AM

Updated : 26 Aug 2026, 10:18 AM

যারা গুজব ছড়িয়ে সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করেছিল তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

শফিকুজ্জামান বলেন, “শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশী দেশটিতে প্রবেশ করতে পারেননি।”

যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গুজব রটিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। 

ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিজিবির এ কর্মকর্তা বলেন, “বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি জানান, রংপুর অঞ্চলের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এবং হাতীবান্ধা হাইওয়ে থানা রয়েছে। 

সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, “সব ধর্মাবলম্বীদের নিরাপত্তায় কাজ করছে বিজিবি।” 

এ সময় তার সঙ্গে বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম ছিলেন।