২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে তিন দিন পর খালে মিলল নিখোঁজ শ্রমিকের লাশ

বজ্রপাতে আনোয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 02:58 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাটাফাঁড়ি খালের জালিয়াখালী নাশির ঝোরা এলাকায় লাশটি পাওয়া যায় বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান।

নিহত আনোয়ার হোসেন (২১) উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার আকতার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কার্গো বোট শ্রমিক।

স্থানীয়দের বরাতে ওসি ইলিয়াছ বলেন, শনিবার আনোয়ার হোসেন কাজে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। এরপর মঙ্গলবার দুপুরের ওই খালে আনোয়ারের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেছে।

“নিহতের শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

নিহতের বড় ভাই দেলোয়ার হোসেন বলেন, “শনিবার সকালে আনোয়ার কার্গো বোটে কাজের উদ্দেশে বের হন। কিন্তু ওইদিন রাতে সে বাড়ি ফিরে না আসা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি।

“মঙ্গলবার সকাল থেকে দুইটি নৌকা নিয়ে কাঁটাফাঁড়ির খালের বিভিন্ন স্থানে আনোয়ারের খোঁজ নিতে থাকি। এক পর্যায়ে খালটির জালিয়াখালী নাশির ঝোরা এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখি। পরে লাশটি কাছে গিয়ে আনোয়ারের লাশ শনাক্ত করেছি।”