১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভালো কাজের উদাহরণকে রীতিতে পরিণত করতে হবে: শারমীন মুরশিদ

সিলেট নগরে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেন সমাজকল্যাণ উপদেষ্টা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 12:36 AM

Updated : 26 Aug 2026, 11:34 AM

ভালো কাজের উদাহরণকে রীতিতে পরিণত করার কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার দুপুরে সিলেট নগরের তেমুখী বাদাঘাটের পাশে নাজিরেরগাঁওয়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে-পিপিপি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, “অনেকগুলো আলোকিত উদ্যোগী প্রাণ মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কিডনি ফাউন্ডেশনে মিলিত হয়েছে। সম্মিলিত ইচ্ছা শক্তির মাধ্যমে সৃষ্টি এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে।

“দেশের মানুষকে এ ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে।”

অসাধারণ এ কাজের সঙ্গে নিজের যুক্ত হওয়াকে বড় পাওয়া উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, “সরকারি ব্যবস্থাপনায় অনেক সীমাবদ্ধতার কারণে ভালো কাজের সঙ্গে সংযুক্ত হতে চাইলেও সহজে হওয়া যায় না।

“সরলরেখায় শুধু পিপিপি হলেই সিলেট কিডনি ফাউন্ডেশনের মত চমৎকার কিছু ঘটবে এমনটি কিন্তু নয়। কয়েকজন অসাধারণ মানুষের তীব্র ইচ্ছার কারণে এ হাসপাতালটি বাস্তব চিত্রটা পেয়েছে।”

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত ছিয়াত্তর হাজার প্রতিষ্ঠানকে সু-ব্যবস্থাপনায় আনাকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানকে সুগঠিত করতে হলে কয়েকজন সুগঠিত মানুষ লাগে। সিলেটকে এত উজ্জ্বলভাবে উপস্থাপন করার জন্য এ ধরনের নিবেদিত প্রাণ নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন।”

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সাফল্য কামনা করেন। যাদের অক্লান্ত পরিশ্রমে ১০তলা ভবনের কিডনি ফাউন্ডেশনের যাত্রা শুরু করল, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, কিডনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান (বীর উত্তম), অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক এম এ সালাম উপস্থিত ছিলেন।