গোপালগঞ্জে ১০ আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
তারা মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১০ আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার দক্ষিণ জলিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।
তারা হলেন- জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাগর বাগচী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমীন শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি অভি বাগচী, বিদ্যুৎ বাগচী, সাধারণ সম্পাদক নরেশ গোলদার, সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বাগচী, সদস্য শিশির বাগচী, হরিচাদ বাগচী, নারায়ণ গোলদার ও রঞ্জন গাইন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বাগচী বলেন, “আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদ-পদবী ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম।”
