‘বোতল টোকানোর কথা বলে বের হয় ভাই, পরে সড়ক বিভাজকে মেলে লাশ’
পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
গাজীপুর সদর উপজেলায় সড়ক বিভাজক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বাঘের বাজার এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান।
নিহত আবু বক্কর (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের সন্তান।
নিহতের ভাই আব্দুল হালিম বলেন, তারা দুই ভাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজ থেকে বোতল সংগ্রহ করতেন। ছোট ভাই বক্কর ‘মানসিক রোগী’ ও ‘মাদকাসক্ত’ ছিল। সোমবার রাত ৮টার দিকে তারা একসঙ্গে রাতের খাবার খায়। পরে ছোট ভাই বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যায়।
তিনি বলেন, “আমি ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের উপর বসে ছিলাম। পরে অনেক রাত অনেক হয়ে গেলেও সে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে সড়ক বিভাজকের লোহার ভেতরে ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।”
নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে ওসি আব্দুল হালিম বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
