২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা সিমেন্ট কারখানায় বয়লারের উত্তপ্ত কয়লা ছিটকে দগ্ধ ৬ শ্রমিক

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার কক্ষে দগ্ধ কয়লা ছিটকে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। 

তিনি বলেন, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেওয়ার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।”

“কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।”

আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত ৯টার দিকে জানান হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”

দগ্ধরা হলেন— তাইজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫), মো. নাহিদ হাসান (২২), ফেরদৌস (৩৫), আতিকুর রহমান (৪২) এবং তোরাব আলী (৫৫)।

তাদের মধ্যে তাইজুলের শরীরের ১২ শতাংশ, কামালের ২৬ শতাংশ, নাহিদের ৪০ শতাংশ, ফেরদৌসের ১০ শতাংশ, আতিকুরের ২৭ শতাংশ ও তোরাবের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।

এ ব্যাপারে বসুন্ধরা সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ (প্রশাসন) আব্দুর রহিম বলেন, “সোয়া ৬টার দিকে কারখানার বয়লারে কয়লা দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিজেদের দায়িত্বে ছয়জনকে হাসপাতালে ভর্তি করেছি।”