কাজ করছিলেন জমিতে, বজ্রপাতে প্রাণ গেল যুবকের
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী রাসেল হোসেন ওই গ্রামের বাসিন্দা রেজাউল হোসেনের ছেলে।
স্থানীয়রা বলছেন, বেলা ১২টার দিকে রাসেল তার বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সোলাইমান বলেন, “বজ্রপাতেই রাসেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
