১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকারী ৩৭ রোহিঙ্গা আটক

আটকদের মধ্যে পুরুষ, নারী ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি ওসি।

টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকারী ৩৭ রোহিঙ্গা আটক
টেকনাফের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে ট্রলারে করে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 10:37 AM

মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করা  নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

ট্রলারে করে আসা এসব রোহিঙ্গা মঙ্গলবার রাত সাড়ে ৯টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে আটকদের মধ্যে পুরুষ, নারী ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, “মঙ্গলবার রাতে জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলারে করে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করলে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের আটক করেছে। তাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। 

“আটক রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।“

ওসি জানান, রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।