Published : 05 Aug 2026, 10:26 PM
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ছাত্রদলের বিক্ষোভের মুখে ভেস্তে যাওয়ার অভিযোগ উঠেছে।
দাওয়াত না পাওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাদ দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে ভাষ্য ছাত্রদল নেতাকর্মীদের।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
তবে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. কামরুজ্জামান বলেন, সবাইকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অনেকেই উপস্থিত ছিলেন।
সকালে অনুষ্ঠান শুরুর পর গণঅভ্যুত্থানের সময় নিহত মাহবুব হাসান নিলয়ের বাবা আবুল কালাম আজাদ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন।
এরপর জুলাই আন্দোলনে আরেক শহীদ জাহিদুল ইসলামের বাবাকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করা হলে পরিস্থিতির বদলে যায়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ছাত্রদল নেতাকর্মীরা। এক পর্যায়ে ইইসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন থামতে বললে ছাত্রদলের এক কর্মী তার দিকে তেড়ে যান এবং লাঞ্ছনার ঘটনা ঘটে বলে জানান শিক্ষার্থীরা। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এ সময় উপাচার্য বক্তব্য রাখার চেষ্টা করলে তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। হট্টগোলের মধ্যে শিক্ষার্থীরা মিলনায়তন ত্যাগ করতে শুরু করলে উপাচার্য ও কোষাধ্যক্ষের বক্তব্য ছাড়াই দ্রুত অনুষ্ঠানটি শেষ করা হয়।