নাটোরের ‘ঘাঁটিতে’ দ্বন্দ্বে জর্জর বিএনপি
চারটি আসনেই বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী; নতুনরা খুব একটা ‘ভিত্তি’ তৈরি করতে পারেননি।
এক সময় বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত নাটোরে দলীয় মনোনয়ন নিয়ে নেতাদের একাধিক পক্ষের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছে।
বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের এলাকায় তার ছেলে ও মেয়ের সমর্থকদের মধ্যে মনোনয়নকেন্দ্রিক বিরোধ এরই মধ্যে প্রকাশ্যে এসেছে।
২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে বিএনপি নাটোরের কোনো আসনে জিততে পারেনি। পরের তিন নির্বাচনের একটিতে বিএনপি অংশ নিলেও সেখানে কোনো আসন পায়নি।
তার আগে অষ্টম সংসদে সব আসনে এবং সপ্তম সংসদে তিন আসনে জয় পেয়েছিল দলটি। পঞ্চম সংসদে বিএনপি ও জামায়াতে ইসলামী একটি করে আসন পেয়েছিল।
এবার আওয়ামী লীগ মাঠে না থাকায় নাটোরের চারটি আসনে ভোটের নতুন সমীকরণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন রাজনৈতিক দল বা শক্তি এখানে খুব বেশি ‘ভিত্তি’ গড়ে তুলতে পারেনি। ফলে আওয়ামী লীগহীন মাঠে এখন প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে বিএনপি ও জামায়াত।
কোথাও কোথাও বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারের পাশাপাশি দলের মনোনয়ন না পাওয়া নেতাকেও কর্মী-সমর্থক নিয়ে গণসংযোগ করতে দেখা যাচ্ছে।
যদিও দলের জেলা পর্যায়ের নেতাদের আশা, তফসিল হয়ে গেলে এসব বিরোধ থাকবে না, সবাই ধানের শীষে এসেই ‘দোল খাবে’।
নাটোর-১: ‘ভাই-বোনের দ্বন্দ্ব’
লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসন দীর্ঘ সময় ধরে বিএনপির প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের নিয়ন্ত্রণে ছিল। তিনি এই আসন থেকে তিনবার সংসদ সদস্য হয়েছেন।
২০১৬ সালে পটলের মৃত্যুর পর ২০১৮ সালে এই আসনে বিএনপির মনোনয়ন পান তার সহধর্মিনী কামরুন নাহার শিরিন।
এবার এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাদের মেয়ে ফারজানা শারমিন পুতুল। সেই মনোনয়নের বিরোধিতা করে মাঠে সক্রিয় রয়েছেন তার বড় ভাই চিকিৎসক ইয়াসির আরশাদ রাজন ও তার সমর্থকেরা।
৩ লাখ ৬৪ হাজার ৬৮ জন ভোটারের এই আসনে শুধু ‘ভাই-বোনের দ্বন্দ্ব’ নয়, এখানে মাঠে রয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও। তিনিও সমর্থকদের নিয়ে প্রচার ও গণসংযোগে আছেন।
এ ছাড়া বিএনপি থেকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন চাচ্ছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
ফলে মনোনয়ন ঘোষণার পর থেকে লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির সমর্থক-অনুসারীদের একদিকে যেমন আনন্দ-উল্লাস করতে দেখা গেছে; তেমনি মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধের মতো ঘটনাও ঘটেছে।
মনোনয়ন ঘোষণার পর পরই প্রার্থী তালিকায় স্থান না পাওয়া রাজনের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের অভিযোগ, পুতুলের সমর্থকরা এই হামলা চালিয়েছে।
পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বনপাড়া-পাবনা মহাসড়কের কদমছিলান এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারই ভাইয়ের সমর্থক নেতাকর্মীরা।
ফারজানা শারমিন পুতুল বলেন, “আমরা দুই ভাই-বোনই যোগ্য। যারা বিএনপি করেছে ধানের শীষে মনোনয়ন চাওয়ার প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে। রাজনীতিতে অনেক কৌশল থাকতে হয়। আমরা দুই ভাই-বোন এক সঙ্গে মাঠে ছিলাম, এক সঙ্গেই আছি।
“ভাইয়া মনোনয়ন পেলেও একই সঙ্গে একইভাবে কাজ করতাম। কিছু জায়গায় কিছু দুষ্কৃতকারী থাকে, যারা নেতিবাচক ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করে।”
সমর্থকদের বিক্ষোভ বিষয়ে ইয়াসির আরশাদ রাজনকে বেশ কয়েক ফোন দিলেও তিনি ধরেননি।
তবে, সম্প্রতি লালপুরের আড়বাব ইউনিয়নে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য এক দোয়া মাহফিলে তিনি বলেছেন, “আমি আমার নেতাকর্মীর চোখের পানি দেখার জন্য না, মুখের হাসি দেখার জন্য রাজনীতি করি। তাদের সেই হাসি আমি দেখব ইনশাআল্লাহ।
“যারা বলে যে রাজন সমঝোতা করছে, মিলমিশ করছে, আমি তাদের বলতে চাই, আমার শরীরে ফজলুর রহমান পটলের রক্ত, এই রক্ত কোনোদিন আপস করতে জানে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার নেতাকর্মীদের সঙ্গে আছি, ইনশাআল্লাহ।”
এদিকে নেতাকর্মী নিয়ে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু।
তিনি বলেন, “এই মনোনয়ন তো এখনও চূড়ান্ত না। মাঠে আছি, মানুষের সঙ্গে ঘুরছি, জনসংযোগ করছি। পার্টি তো এখনও আমাকে বলেনি, তুমি কাজ করো না। শেষ মুহূর্তেও তো চূড়ান্ত মূল্যায়ন হতে পারে।”
তিনি বলেন, “যতক্ষণ সুযোগ আছে, ততক্ষণ অপেক্ষা করব। লালপুর-বাগাতিপাড়ার মানুষের সঙ্গে আমার তো একদিনের সম্পর্ক না, ৪৩ বছরের সম্পর্ক। যারা মনোনয়ন পাইছে, তারাও তো এত বড় সমাবেশ করতে পারে না। এখন তো আমার জন্য সর্বদলীয় জনমত সৃষ্টি হয়েছে।”
এ আসনে জামায়াতের প্রার্থী দলের জেলা আমির এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নির্বাচনি এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। সম্প্রতি চাকসু ভিপি মো. ইব্রাহীম হোসেন রনিকে নিয়েও তিনি জনসংযোগ করেছেন।
বিএনপি ও জামায়াত ছাড়া অন্য দলের প্রার্থীদের খুব একটা মাঠে দেখা যাচ্ছে না। এই আসন থেকে জাতীয় পার্টির নেতা শিল্পপতি আবু তালহা একবার বিজয়ী হলেও এখন তিনি সক্রিয় নন। ২০২৪ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে আশিকুর রহমানকে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছিল।
এ ছাড়া এই আসনে এবি পার্টির জেলা সদস্যসচিব এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, খেলাফত মজলিসের আজাবুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী দুলাল ও সাম্যবাদী দলের মনজুরুল ইসলাম মিঠু প্রচার চালাচ্ছেন।
নাটোর-২: ‘বিরোধমুক্ত’ দুলুর সামনে দাঁড়িপাল্লা
সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এই আসনে সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু যে বিএনপির মনোনয়ন পাবেন, তা প্রত্যাশিতই ছিল।
আরেক মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিল্পপতি আবুল কাশেমও এলাকায় কাজ করছিলেন। মনোনয়ন দৌঁড়ে ছিটকে পড়ার পর তার কর্মী-সমর্থকদের মাঠে তেমন আর সক্রিয় দেখা যাচ্ছে না।
ফলে ৪ লাখ ১ হাজার ৮০৭ জন ভোটারের এই আসনে বিএনপির দুলুর সামনে একমাত্র প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির, বাগাতিপাড়া সরকারি কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক ইউনুস আলী।
মনোনয়ন ঘোষণার পর থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনি এলাকার দুটি পৌরসভা ও সব ইউনিয়নে নিয়মিত সভা-সমাবেশ করছেন দুলু।
তিনি বলেন, “যে সাড়া আমি পাচ্ছি, যেটা নিজেও আশা করিনি।”
তার দাবি, উঠান বৈঠকে যেখানে তিনি আশা করছেন ৫০০ লোক থাকবে, সেখানে হাজার হাজার লোক চলে আসছে। যেখানে আশা করছেন, পাঁচ হাজার লোক, সেখানে ২৫ হাজার, ৫০ হাজার লোক চলে আসছে।
দুলু বলেন, “সবকিছু ঠিক থাকলে নাটোরে বিপুল ভোটে জয়লাভ করবে ধানের শীষ, এটাই আমি প্রত্যাশা করি।”
অপরদিকে বছরের শুরুতেই নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে বড় জনসভা করে জামায়াত। সেখানে দলের আমির শফিকুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। মূলত এই সমাবেশের মধ্য দিয়েই নিজের অবস্থান জানান দেন ইউনুস আলী।
জামায়াতের এই প্রার্থী বলেন, “এই আসনে দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে।”
নাটোর-২ আসনে জামায়াত আগে কখনো জয় পায়নি।
নাটোর-৩: ‘ঘাঁটিতে বিদ্রোহ’
পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদে আসনটি জামায়াত ও বিএনপির দখলে থাকলেও পরে আর তারা সেখানে বিজয়ী হয়নি। নাটোরের এই আসনটি একসময় বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত ছিল।
প্রথম ধাপে নাটোরে চারটি আসনের তিনটিতে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও নাটোর-৩ ফাঁকা রাখা হয়। প্রভাবশালী কয়েকজন প্রার্থী থাকায় বিএনপি এই কৌশল নিয়েছিল।
পরে দ্বিতীয় ধাপে সেখানে মো. আনোয়ারুল ইসলাম আনুকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের নিয়ে জোরেশোরে প্রচারে নেমেছেন তিনি।
যদিও এই মনোনয়ন ‘চূড়ান্ত নয়’ দাবি করে দলের অন্য মনোনয়নপ্রত্যাশীরাও কর্মী-সমর্থক নিয়ে মাঠে কাজ করছেন। তাদের প্রত্যাশা, চূড়ান্ত মনোনয়নে প্রার্থিতা পরিবর্তন হতে পারে।
৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন ভোটারের এ আসনে ২০০৮ সালে জুনাইদ আহমেদ পলকের আগে আওয়ামী লীগ থেকে কেউ সংসদ সদস্য হতে পারেননি।
১৯৯১ সালে এখানে জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবু বকর শেরকোলী। ১৯৯৫ সালে তিনি মারা গেলে উপ-নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কাজী গোলাম মোর্শেদ। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনিই বিজয়ী হন। এবারও তিনি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এ ছাড়া বিএনপির ‘চূড়ান্ত’ মনোনয়ন অপেক্ষায় মাঠে রয়েছেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক দাউদার মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইউসুফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক এনায়েত করিম রাঙ্গা।
বিএনপির মনোনীত প্রার্থী নাটোর জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, “আমার নেতা তারেক রহমান আগে থেকেই আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছিলেন। আমি দলের নেতাকর্মী ও কর্মী সমর্থকদের নিয়ে কাজ করে যাচ্ছি।”
তবে মনোনয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা বলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ।
তিনি বলেন, “আমার প্রতি সিংড়ার মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। মনোনয়ন পেলে আমি বিপুল ভোট বিজয়ী হব। এটা তো প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা হয়েছে, তাই মনোনয়ন চূড়ান্ত না পর্যন্ত আমার নেতাকর্মী সমর্থকদের নিয়ে মাঠে আছি। চূড়ান্ত মনোনয়ন যদি না পাই দল থেকে যিনি থাকবেন তার পক্ষে কাজ করব।”
ভোটারের প্রত্যাশা, মতামত ও পরামর্শে মনোনয়ন চূড়ান্ত না পর্যন্ত মাঠে থাকার কথা বলেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। তিনি বলেন, “সিংড়ার মানুষ বরাবরই স্থানীয় মানুষের নেতৃত্ব চায়, যেহেতু আমি স্থানীয়, সবসময়ই তাদের পাশে আছি।”
তিনি বলেন, “বিএনপি বড় দল, এখানে প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক, নেতৃত্বের কোন্দল থাকবে। কিন্তু মনোনয়ন চূড়ান্ত হলে সবাই এক কাতারে আসবে। চূড়ান্তভাবে আমাকে ধানের শীষ দিলে সিংড়া মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।”
এ আসনে প্রচারে পিছিয়ে নেই জামায়াতের মনোনীত প্রার্থী, নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইদুর রহমান। নির্বাচনি এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি।
সাইদুর রহমান বলেন, “আমাদের মাঠ অত্যন্ত ভালো। মানুষ যদি শুধু ভোট দেওয়ার সুযোগ পায় এখানে জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে। যেখানে যাচ্ছি খুব ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি।”
এই আসনে এনসিপির জেলা কমিটির সদস্যসচিব এস এম জার্সিস কাদির চৌধুরীও প্রচার চালাচ্ছেন।
নাটোর-৪: দ্বন্দ্ব অবসানের ‘আশা’
গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। প্রতিদিন নেতাকর্মীদের এলাকায় এলাকায় ঘুরছেন তিনি। সভা-সমাবেশ, উঠান বৈঠক ও পথসভায় এলাকায় উত্তাপ ছড়াচ্ছেন বিএনপির এই নেতা।
২০১৮ সালের নির্বাচনে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা বাতিল হয়ে যায়।
স্বাধীনতার পর থেকে আসনটি বেশিরভাগ সময় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আব্দুল কুদ্দুসের দখলে ছিল। যদিও মাঝে তিনবার বিএনপি এবং দুবার জাতীয় পার্টি এই আসনে বিজয়ী হয়েছে।
বিএনপি থেকে মোজাম্মেল হক দুইবার এবং একরামুল আলম একবার এই আসনে নির্বাচিত হন। নৌকা নিয়ে ছয়বার নির্বাচিত আব্দুল কুদ্দুস ২০২৩ সালে মারা গেলে উপ-নির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি এখানে নির্বাচিত হন।
গণঅভ্যুথানে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের ওই নেতাকে মাঠে-ময়দানে দেখা না গেলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব।
এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য প্রয়াত মোজাম্মল হকের ছেলে নাটোর জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আব্দুল আজিজের নাম ঘোষণার পর কিছুটা নিষ্ক্রিয় হলেও এখনও মাঠে আছেন তার সমর্থক নেতাকর্মীরা।
আব্দুল আজিজ বলেন, “দুর্দিনে, দুঃসময়ে সামাজিক আচার-অনুষ্ঠানে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। চারদিকে খুবই ইতিবাচক প্রতিক্রিয়া।”
বিএনপির মনোনয়ন না পাওয়া আবু হেনা বলেন, “মনোনয়নে দলের সিদ্ধান্ত আমরা সবাই মানব, এটা ঠিক। কিন্তু মনোনয়ন তো এখনও দেওয়া হয়নি, দেওয়া হয়েছে সম্ভাব্য একক প্রার্থী।
“আমাদের কর্মীরা ধানের শীষের জন্য কাজ করছে, চূড়ান্ত মনোনয়ন হলে কর্মীরা মাঠে নামবে। আমরা মাঠে আছি, ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি, মনোনয়ন চূড়ান্ত হলে সবাই এক সঙ্গে ধানের শীষের জন্য কাজ করব।”
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, “দলটা সবার, যারা মনোনয়ন পাননি তাদের মনে তো একটু ব্যথা আছে। তাদের সঙ্গে নিয়ে আমাদের কাজ করতে হবে।
“দল যাকে মনোনয়ন দিয়েছে, তার পক্ষে আমরা সবাই কাজ করব। কোনো জায়গায় কোনো সমস্যা হলে জেলা বিএনপি সেটার সমাধান করে সবাইকে নিয়ে এক সঙ্গে পথ চলবে।”
জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, “যাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের সেসব আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আমরা মাঠে আছি। বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।”
দুটি উপজেলায় ১৩টি ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় মোট ভোটার রয়েছে ৪ লাখ ৪০ হাজার ৪১৭ জন। ভোটারের মনোযোগ পেতে প্রচারে পিছিয়ে নেই জামায়াতের প্রার্থীও। জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল হাকিমকে এই আসনে মনোনয়ন দিয়েছে দল।
আব্দুল হাকীম বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, তিনি এই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন।
আব্দুল হাকিম বলেন, “আমি সব ধর্মের মানুষের জন্য কাজ করেছি। আমরা আশাবাদী, আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লা প্রতীককেই বেছে নেবেন।”
এনসিপির পক্ষ থেকে জাহিদুল ইসলাম এবং এবি পার্টির পক্ষ থেকে আব্দুল গাফফার মল্লিক এই আসনে নির্বাচন করতে পারেন বলে নেতাকর্মীরা বলছেন। তবে মাঠে তাদের কর্মকাণ্ড চোখে পড়ছে না।
