২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিছানায় শিশুর লাশ, টয়লেটে রক্তাক্ত মা

শিশুটির মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 07:34 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঘরে বিছানার ওপর ১৫ মাস বয়সি এক শিশুর লাশ এবং রক্তাক্ত অবস্থায় তার মাকে টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

মৃত শিশু সামিয়া আক্তার সোহা ওই এলাকার শামীম আহম্মেদের মেয়ে। শিশুটির মা উর্মি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতে ডিউটি শেষে সকাল ৬টার দিকে কর্মস্থল থেকে ফিরে শামীম আহম্মেদ ঘরে সন্তানের লাশ এবং স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় টয়লেটে দেখে থানায় খবর দেন বলে ভাষ্য পুলিশের।

স্বজনদের বরাতে এসআই বি এম মেহেদী হাসান বলেন, শামীম আহম্মেদ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। গতরাতে তার নাইট ডিউটি ছিল। সকালে বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান।

কিছুক্ষণ ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় সন্তানের লাশ এবং টয়লেটে স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।

“শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; তবে টয়লেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এই ছুরি দিয়ে শিশুটির মা আহত হয়েছেন বলে ধারণা করছি”, বলেন এসআই।

এ বিষয়ে জানতে শামীম আহম্মেদের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

তবে বাড়ির মালিক মোহসীন বেপারী বলেন, “বাড়ির নির্মাণকাজ এখনও বাকি আছে। চলতি মাসের শুরুতে একটি কক্ষ ভাড়া নেন শামীম আহম্মেদ। কক্ষে অ্যাটাচ বাথরুম আছে।”

ওসি কামরুজ্জামান বলেন, “স্বজনদের ভাষ্য, শিশুটি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। এই শোক সহ্য করতে না পেরে তার মা আত্মহত্যার চেষ্টা করেছেন।” 

শিশুটির মৃতদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

পরিবারের লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।