২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে রেললাইনে ট্রলি, ট্রেনের ধাক্কায় চালক নিহত

রেললাইন পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিটিকে ধাক্কা দেয় খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2026, 05:14 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেললাইন পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলিকে ধাক্কা দেয় খুলনাগামী একটি ট্রেন। এতে ট্রলি চালক নিহত ও একজন আহত হন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় বামুনদাহ গ্রামে ছোট রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।

নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। আহত চালকের সহকারীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ওসি আসাদুজ্জামান বলেন, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড় বামুনদাহ গ্রামে যায়। সেখানে ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠে পড়ে। 

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাড়ি চালক আলাউদ্দিন নিহত হন। গুরুতর আহত হন তার সহকারী। 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেলা হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি আসাদুজ্জামান।