২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তির উৎসব’ আয়োজনে অনুদান চেয়ে রাবির সাবেক সমন্বয়কের চিঠি, সমালোচনা

অনুদান চেয়ে রাজশাহী সিটি করপোরেশনে পাঠানো একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে সমালোচনা শুরু হয়।

‘মুক্তির উৎসব’ আয়োজনে অনুদান চেয়ে রাবির সাবেক সমন্বয়কের চিঠি, সমালোচনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 10:20 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই: মুক্তির উৎসব’ আয়োজনের জন্য আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক সমন্বয়ক।

অনুদানের চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সুপারিশ করেছেন; যার একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।

ঘটনাটিকে অনেকেই ‘চাঁদাবাজি’ বলে ফেইসবুকে সমালোচনা করেছেন। তবে বিষয়টিকে ‘ভয়াবহ মিডিয়া ট্রায়াল’ বলে অভিহিত করেছেন ওই সমন্বয়ক।

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করেন সালাউদ্দিন আম্মার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

আম্মারের নেতৃত্বে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ অগাস্ট ‘জুলাই ৩৬: মুক্তির উৎসব’ কনসার্ট আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আর্থিক অনুদান চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছেন তিনি। আর সেই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সুপারিশ করেছেন। 

রাজশাহী সিটি করপোরেশ থেকে অর্থ সহায়তা চেয়ে পাঠানো এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে শুরু হয় সমালোচনা।

ফেইসবুকে ছড়িয়ে পড়া পোস্টে ৭৬ লাখ টাকা সংগ্রহে ৭০টি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করা হলেও আম্মারের দাবি, দুই দিনের উৎসবের জন্য ৬০ থেকে ৬৫ লাখ টাকা অনুদান সংগ্রহের লক্ষ্য রয়েছে। তবে এখন পর্যন্ত ২১টি প্রতিষ্ঠানে আবেদন করেছেন তিনি।

চিঠির বিষয়ে সাবেক সমন্বয়ক আম্মার বলেন, “রাবি প্রশাসনকে প্রস্তাব দেওয়ার পর তারা জানিয়েছিলেন, আর্থিক সহায়তা দিতে না পারলেও তারা অন্যান্য সহযোগিতা করবেন। এরপর উপাচার্যের সুপারিশ নিয়ে বিভিন্ন ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ও সিটি করপোরেশনে আবেদন করা হয়েছে।”

চিঠিতে সুপারিশের বিষয়ে জানতে চেয়ে উপাচার্য সালেহ হাসান নকীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিরক্তি প্রকাশ করে কোনো মন্তব্য করতে অপারগতা দেখান। 

তবে ফেইসবুকে এক স্ট্যাটাসে উপাচার্য বলেছেন, “বিভিন্ন কো-কারিকুলার, এক্সট্রা-কারিকুলার অনুষ্ঠান আয়োজনে সহায়তা চেয়ে বিভিন্ন সংগঠন ও ফ্যাকাল্টি থেকে শিক্ষার্থীরা সহায়তার জন্য আসে। আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি। শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে সহায়তা করা থেকে প্রশাসন দূরে থাকে।”

তিনি বলেন, “সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ফান্ড একেবারে নেই বললেই চলে। এরা সবাই নির্ভর করে স্পন্সরশিপের উপর। স্পন্সরশিপের জন্য আবেদনের উপর এরা আমার রেকোমেন্ডেশন চায়। 

“রেকোমেন্ডেশন চেয়েছে, কিন্তু পায়নি, এমন মনে করতে পারি না। আমি মনে করি, কো-কারিকুলার, এক্সট্রা-কারিকুলার, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আমাদের শিক্ষার্থীরা যে উদ্যোগ নেবে তাতে আমার দিক থেকে সহযোগিতা থাকা প্রয়োজন। এটা আমি শুরু থেকেই করে আসছি।”

সালাউদ্দিন আম্মার প্রসঙ্গে তিনি বলেন, “আজ ঠিক এই ধরনের একটি বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সোর্স থেকে একের পর এক আমাকে প্রশ্ন করা হচ্ছে। আমি একদম প্রথম দিন থেকে যেভাবে এই সমস্ত উদ্যোগের সাথে ছিলাম, সেভাবেই থাকতে চাই। কিন্তু পরিবেশ এতটাই বিষাক্ত, যে এরপর যেকোনো উদ্যোগে সাহায্য করার আগে আমাকে দশবার ভাবতে হবে।”

সালাউদ্দিন আম্মার বলেন, “নগরভবনে যে শুধু আমরাই অনুদানের জন্য চিঠি দিয়েছি তা নয়, বিভিন্ন বিভাগের প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রেও সেখানে অনুদান চেয়ে থাকে। 

“আমরা একটা প্রোগ্রাম আয়োজন করব, সেজন্য সিটি করপোরেশন বরাবর একটা অনুদান চেয়ে চিঠি দিয়েছি, আমরা তাদের লোগোটা ব্যবহার করব সেই প্রোগ্রামে স্পন্সর হিসেবে। আর এটাকে যদি কেউ চাঁদাবাজি বলে তাহলে যত প্রোগ্রাম আয়োজন করা হয় সবই চাঁদাবাজি।”