বিএনপির পক্ষে ভোট চাওয়ায় ছেলের সঙ্গে ‘সম্পর্কচ্ছেদ’ জামায়াত প্রার্থীর
বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটেছে।
বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সন্তানের সঙ্গে ‘সম্পর্কচ্ছেদের’ ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী।
বরিশালের গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটেছে; এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে।
বরিশাল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ এইচ এম কামরুল ইসলাম খান ফেইসবুকে এক পোস্টে ছেলে যুবদল নেতা আরাফাত বিল্লাহ খানের সঙ্গে ‘সম্পর্কচ্ছেদের’ ঘোষণা দিয়েছেন।
আরাফাত বিল্লাহ খান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক স্কুল বিষয়ক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে সমাবেশ হয়। সেখানে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন আরাফাত বিল্লাহ খান।
সেখানে তিনি বলেন, “আমার বাবা মাওলানা কামরুল ইসলাম খান জামায়াতে ইসলামী থেকে বরিশাল-১ আসনে মনোনয়ন পেয়েছেন। আপনারা আমাকে চেনেন, আমি দীর্ঘ ২৫ বছর এই বিএনপির রাজনীতি করি। আমি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং যুবদলের কেন্দ্রীয় নেতা। আমি এই বিএনপিকে জেনে-শুনে ভালোবাসি, জেনে-শুনে, বুঝে রাজনীতি করি। ২০১৮ সালে স্বপন ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলাম। আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত ইনশাল্লাহ এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করব, এখানেই থাকব, এর বাহিরে আমার কোনো ঠিকানা নাই।”
আরাফাত বিল্লাহ খান বলেন, “যদি আপনাদের কেউ বলে আপনারা যেই বিমানে উঠেছেন সেই বিমানের পাইলট ইউটিউব দেখে বিমান চালানো শিখেছে, আপনারা কি সেই বিমানে ভ্রমণ করবেন? কেন করবেন না, তার কারণ বিমানের পাইলটের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, অভিজ্ঞতা নাই। আমাদের স্বপন ভাই দুই দুইবারের এমপি। তার পূর্ব অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা আমাদের সুরক্ষার স্বার্থে অবশ্যই স্বপন ভাইয়ের পাশে থাকব এবং তাকে বিজয়ী করব।”
এর পর দিন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা এ এইচ এম কামরুল ইসলাম খান নিজের ফেইসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “আমাকে পিতা পরিচয় দিয়ে ৭ নভেম্বর গৌরনদী পাইলট স্কুল মাঠে বিএনপির পক্ষ নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে কেহ হতাশ হবেন না। আমি আজ চিকিৎসা শেষে ঢাকা থেকে বাসায় ফিরে দুই উপজেলার আমির, আসন পরিচালক ও অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে সিদ্ধান্ত নেব, ইনশাল্লাহ। আমরা যখন দাঁড়িপাল্লা মার্কা নিয়ে মাঠে নেমেছি, বিজয়ের মালা জামায়াতে ইসলামীর হবেই হবে।”
এর পরে এ বিষয়ক আরও একটি পোস্ট দিলেও তিনি সেটি পরে ডিলেট করে দেন। যদিও সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ডিলেট করা ওই পোস্টে তিনি লিখেছিলেন, “আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি, অনেক চাপ সৃষ্টি করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। তাকে দিয়ে শিবির করাতে পারিনি। আমি একজন ব্যর্থ পিতা। আমার বড় ছেলের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম। জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য।”
ফেইসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান বলেন, “কেন্দ্রের নির্দেশে প্রথম পোস্টটি ডিলেট করেছি।”
এ বিষয়ে যুবদল নেতা আরাফাত বিল্লাহ খান বলেন, “ফেইসবুকে বাবার সঙ্গে আমি ফেন্ড নই। দুদিন পর সোমবার সকালে ফেইসবুকে ঢুকে দেখি, বাবা আমার সঙ্গে সম্পর্ক ছেদ করার পোস্ট ভাইরাল হয়েছে। আমার বাবা ব্যক্তিজীবনে যেমন উদার, তেমনিভাবে রাজনৈতিকভাবেও উদার। তার সঙ্গে আমার ভিন্নমত রয়েছে।
“আমি আমার দলের প্রতি দায়বদ্ধ। তাই আমি আমার দলের পক্ষে প্রার্থীর জন্য ভোট চেয়েছি। আমি আমার বাবাকে কটাক্ষ করিনি। আমার বাবা অনেক পড়াশুনা করেন। বাসায় যে বই রয়েছে, কেজি দরে বিক্রি করলেও চার থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি করা যাবে। দুঃখ একটাই জামায়াত নেতাদের কারণে বাবা-ছেলের মধ্যে বিরোধ খারাপ স্থানে গেছে।”
