২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দোকানে ব্যবসায়ীকে কিল-ঘুষি, ভিডিও ভাইরাল

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

মানিকগঞ্জে দোকানে ব্যবসায়ীকে কিল-ঘুষি, ভিডিও ভাইরাল
মানিকগঞ্জের ঘিওর উপজেলা বাজারে একটি দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীর দাড়ি ধরে টানা-হেঁচড়া ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে; যা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকার একটি কম্পিউটার কম্পোজের দোকানে এ ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করেছেন বলে জানান ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম।

ভুক্তভোগী আলী আজম মানিক (৩২) বাজারে কম্পিউটার কম্পোজের পাশাপাশি ফটোকপি, অনলাইনে আবেদন ও ছবি তোলার কাজ করেন। তিনি উপজেলায় তেরশ্রী বাহাদুরপুর গ্রামের সেলিম হোসেন দুলালের ছেলে। 

আসামি নাসিম ভূঁইয়া (৪৫) উপজেলা বাজারে এক টিন ব্যবসায়ী। তিনি ঘিওর বাজার এলাকার  মোশাররফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, নাসিম ভূঁইয়া প্রায় মানিকের দোকানে বিভিন্ন কাজ করতে যেতেন। তবে বেশিরভাগ সময় টাকা না দিয়ে চলে যেতেন। টাকা চাইলে তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। এ ছাড়া নাসিম ভূঁইয়া বিভিন্ন সময় টাকাও দাবি করতেন। 

তবে মানিক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘিওর বাজারে ব্যবসা করতে দেবেন না বলেও নাসিম ভূঁইয়া হুমকি দিতে বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগী মানিক বলেন, “সোমবার রাত ৯টার দিকে নাসিম ভূঁইয়া দোকানে এসে জরুরি কাজ করানোর কথা বলেন। এ সময় আমি অন্য এক কাস্টমারের কাজ করছিলাম। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। 

“এতে নাসিম ভূঁইয়া ক্ষিপ্ত হয়ে আমার দাড়ি ধরে টানা-হেঁচড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ও কাস্টমাররা এগিয়ে এলে নাসিম ভূঁইয়া হুমকি দিয়ে বলেন, এখানে আমাকে ব্যবসা করতে দেবেন না এবং হাত-পা ভেঙে দেবেন।”

তিনি বলেন, হামলার সময় নাসিম ভূঁইয়া দোকানের কম্পিউটারের একটি মনিটর ভেঙে ফেলেন; যার দাম প্রায় ১৫ হাজার টাকা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ব্যবসায়ী মানিক বলেন, নাসিম ভূঁইয়া ৫ অগাস্টের আগে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে চলাফেরা করতেন। এরপর তিনি বিএনপির লোকজনের সঙ্গে চলাফেরা শুরু কেরেন। তার এক ভাই ছাত্রদলের সাবেক প্রভাবশালী নেতা বলেও জানান তিনি।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার নেতা মাওলানা মুহাম্মদ রমজান মাহমুদ বলেন, “দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, ওই ব্যক্তি উত্তেজিত হয়ে দোকানে প্রবেশ করে মানিকের দাড়ি ধরে আঘাত করেন। এটি শুধু ব্যক্তি মানিকের নয় বরং পুরো ধর্মপ্রাণ সমাজের আত্মমর্যাদায় আঘাত হেনেছে।”

এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এই হেফাজত নেতা। 

এ বিষয়ে কথা বলতে নাসিম ভূঁইয়ার মোবাইলে কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। 

আসামি নাসিম ভূঁইয়াকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।