২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সুইমিংপুলে ডুবে ছাত্রীর মৃত্যু: বিক্ষোভের মুখে তদন্ত প্রতিবেদনের সুপারিশ প্রকাশ

তদন্ত প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশের কথা থাকলেও বিলম্ব হওয়ায় দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 06:21 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

অবশেষে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুলে ডুবে এক নারী শিক্ষার্থী মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের প্রাথমিক সুপারিশ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশের কথা থাকলেও বিলম্ব হওয়ায় বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে আন্দোলনের মুখে সিনেট ভবনে জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি শিক্ষার্থীদের সামনে প্রাথমিক সুপারিশ প্রকাশ করে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “আমরা প্রত্যক্ষদর্শী, মেডিকেল সেন্টারে দায়িত্বরত ব্যক্তি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা বোঝার চেষ্টা করেছি। 

“এখনও তদন্ত চূড়ান্ত হয়নি। নতুন যেসব তথ্য সামনে আসছে, আমরা সেগুলো আমলে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারব।”

কয়েকটি বিষয়ে পদক্ষেপের কথা জানিয়ে তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, “দায়িত্বরত প্রশিক্ষক যারা ছিলেন, আমরা তাদের অপসারণের সুপারিশ করেছি। এ ছাড়া সব হলে যেন ক্রীড়া প্রশিক্ষক দেওয়া হয় সেটিও সুপারিশ করেছি। অর্থাৎ যেসকল জায়গায় দায়িত্বে উদাসীনতা দেখতে পেয়েছি, সেগুলোর সম্ভাব্য সমাধানে সুপারিশ করেছি।”

এর আগে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসাইন পানিতে ডুবে মারা যান। 

নিহত সায়মা ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী এবং মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

রাবির সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থীর মৃত্যু