Published : 09 Jul 2026, 07:08 PM
গাজীপুরের টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থী মারা গেছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকার ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয় বলে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।
বুধবার রাতে সংঘর্ষের এ ঘটনায় নিহত ২৫ বছর বয়সী মঞ্জুরুল ইসলাম হাসিব পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিল।
আহতরা হলেন- টঙ্গীর পাগার এলাকার মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) ও মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)।
এ ঘটনায় ঘটনায় জড়িত অভিযোগে একই এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি মেহেদী বলছে, “বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
“সেখানে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন হাসপাতাল ঘুরে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।”
বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে এবং এতে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঝানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।